ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে পুনর্বাসিত হকারদের উচ্ছেদ করা হবে না। তবে কোন হকার চাইলে তাদের বর্তমান স্থান ছেড়ে হলিডে মার্কেটে বসতে পারবে। হকাররা হলিডে মার্কেটে বসতে না চাইলে সেগুলো তুলে দেয়া হবে।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদ্ষ্টো বলেন, সরকার আর কোন হকারকে উচ্ছেদ করবে না। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর যাদের উচ্ছেদ করেছে তা আগের সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই করেছে।
বিভিন্ন স্থানে সড়ক মেরামত প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের রক্ষাণাবেক্ষণ বাবদ বরাদ্দ থেকে বন্যা পরবর্তী সড়ক সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে তারা বরাদ্দের পুরোটাই ব্যয় করতে পারবে। পরে তাদের আরো বরাদ্দ দেয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১০৭ঘ.
bdnews24