২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চোরাচালানি বাবু নিহত

রাজশাহী অঞ্চলে চোরাচালান নিয়ন্ত্রক সিন্ডিকেটের অন্যতম হোতা বলে পরিচিত আলী জাফর বাবু ওরফে ন্যাংড়া বাবু র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার সন্ধ্যায় নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

রাজশাহী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী অঞ্চলে চোরাচালান নিয়ন্ত্রক সিন্ডিকেটের অন্যতম হোতা বলে পরিচিত আলী জাফর বাবু ওরফে ন্যাংড়া বাবু র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সোমবার সন্ধ্যায় নিহত হয়েছে। নগরীর রাজশাহী কলেজ হোস্টেলের সামনে ওই গোলাগুলি হয় বলে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়। ঘটনাস্থল থেকে একটি এমএম ৯ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, দীর্ঘদিন পালিয়ে থাকার পর আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের সদস্য ও রাজশাহী অঞ্চলের চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী ন্যাংড়া বাবুকে সোমবার সন্ধ্যায় খুঁজে পায় র‌্যাব সদস্যরা। রাজশাহী কলেজ হোস্টেলের সামনে চৌধুরী লজে তাকে গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে বাবু র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে আহত বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবু ভারতসহ অন্যান্য দেশের চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল। গরু ব্যবসা নিয়ন্ত্রণসহ সীমান্তে সন্ত্রাস ও অস্ত্র সিন্ডিকেটের সঙ্গেও ছিল তার নিবিড় যোগাযোগ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৬ ঘ.