পটুয়াখালী, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুখালী নৌবন্দর কর্তৃপক্ষ সোমবার অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে, কূয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পাঁচটি ট্রলার নিখোঁজ রয়েছে।
পটুয়াখালী নৌবন্দর কর্মকর্তা শহিদুল মিয়া জানান, সকাল ১১টা থেকে নৌবন্দ্রর ২ নম্বর সতর্কতা সংকেত দেখানোয় অভ্যন্তরীণ ২১টি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট ট্রলার চলাচলের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।
অন্যদিকে, মহিপুর-আলপিুর মৎস্য ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কূয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পাঁচটি ট্রলার এফ বি চন্দ্রকমল, এফ বি কালিকাপুর, এফ বি ইউসুফ, এফ বি হানিফ ও এফ বি মেহরাবের শনিবার ফিরে আসার কথা থাকলেও সেগুলো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
হঠাৎ দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদের ছুটিতে কূয়াকাটা বেড়াতে আসা পর্যটকরা বিপাকে পড়েছেন। হোটেল-মোটেলগুলোতে অবরুদ্ধ থাকতে হচ্ছে তাদের। কলাপাড়া রাডার স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় পাঁচ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে কূয়াকাটা সমুদ্র উপকূলে। ভাঙনের মুখে পড়েছে সৈকতের নারকেল বাগান, ঝাউ বাগান ও ওয়াপদার ভেড়িবাঁধ। রোববার রাত ৩টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সেখানে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি অ্যালাসডেয়ার ম্যাকডোনাল্ড কুয়াকাটা থেকে বলেন, "অবস্থা খুব খারাপ। অবিরাম বৃষ্টি হচ্ছে। আমরা যেখানে আছি সেখানে বিদ্যুৎ নেই। ঈদের এ সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে।"
ম্যাকডোনাল্ড বলেন, "ঈদের ছুটিতে লোকজন বেড়াতে আসবে। দোকানিরা ভাল ব্যবসার আশায় ছিলেন। এ অবস্থায় তারা হতাশ।"
সাংবাদিক মোর্শেদ আলী খান ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাস্তাঘাটে যানবাহন নেই।"
তিনি জানান, সব হোটেল আগে থেকে বুকিং দেওয়া হয়ে গেলেও খারাপ আবহাওয়ার কারণে লোকজন এসে পৌঁছাতে পারেনি। কারণ রোববার রাত ৯ টার কিছু আগে থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে।
মোর্শেদ আলী খান বলেন, "ব্যবসার খুব খারাপ অবস্থা। টানা বর্ষণের কারণে কেউ ঘর থেকে বেরোতে পারছে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬১০ ঘ.
bdnews24