২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চলছে ঈদ উৎসব

একমাস সিয়াম সাধনা শেষে রোববার সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 07:44 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একমাস সিয়াম সাধনা শেষে রোববার সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী। ঈদের জামাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম মনজু, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এম এ মান্নান, বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, বিএনপি নেতা এ এম নাজিম উদ্দিন, ওয়ার্ড কমিশনার, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া, নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে সকাল পৌনে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে মোট ২৪৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নগরীর প্রায় রাস্তায় সকল বয়েসী মানুষের ভিড় বাড়তে থাকে। সুনসান নগরীর নিরবতা ভেঙে কোলাহলমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে সবাই। কেউ রিক্সায়, কেউ অটো রিক্সায় স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। ঈদের দিন রিক্সা, অটো রিক্সা রাস্তায় কম থাকার সুযোগে চালকরা ইচ্ছেমত ভাড়া আদায় করছেন। এতে যাত্রীরা ভোগান্তির নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তবে ঈদের আনন্দ তাদের দুর্ভোগ ভুলিয়ে দিয়েছে পুরোপুরি। ঈদের দিন নগরবাসী শুধু বাড়ি বাড়ি নয়, সপরিবারে ভিড় করছেন নগরীর বিনোদন স্পটগুলোতে। বিশেষ করে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়স লেক, জিয়া শিশু পার্ক, আগ্রাবাদ শিশু পার্কে শিশু-কিশোর-তরুণ-তরুণী সব বয়সের মানুষ দুপুর থেকে ভিড় করতে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৩৩৯ ঘ.