২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষচট্টগ্রামের সিনেমা হল: একে একে নিভছে দেউটি

কয়েক বছর আগেও ঈদ এলে সবার আগে মহাসমারোহে সাজানো হতো চট্টগ্রাম নগরীর সিনেমা হলগুলো। তার কিছুই এখন আর চোখে পড়ে না। সিনেমা হলের চিরচেনা ভিড় আর রঙিন আলোকসজ্জা ক্রমশ বিবর্ণ হতে চলেছে। টিকিটের জন্য লম্বা লাইন, হট্টগোল আর টিকিট কারবারিদের 'চল্লিশ-চল্লিশ', 'রিয়াল-ডিসি'র সুরে ক্রেতা বাগানোর অবিরাম চেষ্টা এখন শুধুই স্মৃতি। এবারের ঈদেও নগরীর সিনেমা হলগুলোতে বিশেষ কোনো আয়োজনও নেই। আগের মতো প্রচার বা নগর জুড়ে সিনেমার পোস্টারও আর চোখে পড়ে না। জৌলুষ হারানো চট্টগ্রামের সিনেমা হলের কথা জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেশি দিন আগের কথা নয়- ঈদ এলে সবার আগে মহাসমারোহে সাজানো হতো নগরীর সিনেমা হলগুলো। তার কিছুই এখন আর চোখে পড়ে না। দর্শক শূন্যতায় নগরীর সিনেমা হল প্রাঙ্গণের চিরচেনা ভিড় আর রঙিন আলোকসজ্জা ক্রমশ বিবর্ণ হতে চলেছে। টিকিটের জন্য লম্বা লাইন, হট্টগোল আর টিকিট কারবারিদের 'চল্লিশ-চল্লিশ', 'রিয়াল-ডিসি'র সুরে ক্রেতা বাগানোর অবিরাম চেষ্টা এখন শুধুই স্মৃতি। "বছর দশ/বারো আগে ঈদের আগেই অগ্রিম টিকিট কেনার জন্য মানুষের লম্বা লাইন সামাল দিতে হিমশিম খেতে হতো। সামনের রাস্তায় যানজট লেগে যেত। কত পরিচিত জন এসে একটি বা দুটি টিকিটের জন্য ধর্ণা দিত। তখন সিনেমা হলের একজন কর্মচারী হিসাবে নিজেকে ভাগ্যবান মনে হতো। কিন্তু সিনেমা হলে যে ছবি দেখানো হয় সেটাই হয়তো মানুষজন ভুলে গেছে এখন।" আক্ষেপ করে বললেন ১৯৬৮ সাল থেকে নগরীর আলমাস সিনেমা হলের কর্মচারী মিন্টু মারমা। বললেন "চেনা পরিবেশটা কেমন জানি হঠাৎ করে পাল্টে গেছে। হলমুখী মানুষের ঢলের দেখা মেলে না বলে মাঝে মধ্যেই নিজেকে একা মনে হয়। সারা মাসই হল প্রায় খালি পড়ে থাকে।" নগরীর অন্যসব সিনেমা হলের অবস্থাও কমবেশি আলমাসের মতোই। সে কারণে ঈদ উপলক্ষে বিশেষ কোনো আয়োজনও নেই। আগের মতো প্রচার কিংবা নগর জুড়ে সিনেমার পোস্টারও আর চোখে পড়ে না। সিনেমা হল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মানুষের রুচির পরিবর্তন ঘটায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর নামীদামী সিনেমা হলগুলো। কমতে কমতে নগরীতে সিনেমা হলের সংখ্যা এখন নয়-এ এসে ঠেকেছে। দেড় দশকে বন্ধ হয়ে গেছে ১২টি। অথচ নতুন সিনেমা হল তৈরি হয়নি একটিও। সর্বশেষ বন্ধ হয়েছে চকবাজারের গুলজার সিনেমা হল, এ বছরের প্রথম দিকে । সেখানে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক শপিং মল। আর চট্টগ্রামের সবচেয়ে আধুনিক সিনেমা হল বনানী কমপ্লেক্স তার কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে গত বছরের শেষ দিকে। কমপ্লেক্সের কর্মকর্তা কার্তিক দে হতাশ কণ্ঠে বলেন, 'ডিশ খেয়ে ফেলেছে সিনেমা হলগুলোকে'। নগরীর বন্ধ হয়ে যাওয়া অন্য সিনেমা হলগুলো হলো- খুরশীদ মহল, জলসা, রঙ্গম, উজালা, নুপুর, মেলোডি, রিদম, উপহার, অলংকার, আকাশ ও বনানী কমপ্লেক্স। দর্শক স্বল্পতার মাঝেও কোন রকমে টিকে আছে লায়ন, আলমাস, দিনার, ঝুমুর, সাগরিকা, কর্ণফুলী, সিনেমা প্যালেস, সানাই ও পূরবী। এক সময়ের নিয়মিত দর্শক খুরশিদ আলম বলেন- "এখন চট্টগ্রামে বেড়াতে এসে কেউ যদি শুধু নাম শুনে জলসা, নুপুর, রঙ্গম কিংবা অলংকার সিনেমা হল খুঁজতে বের হন তাহলে তাকে হতাশই হতে হবে। যথাস্থানে গিয়ে সুদৃশ্য মার্কেট দেখতে পেলেও 'নির্দিষ্ট হলটি' আর খুঁজে পাবেন না।" চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক সিদ্দিক আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে ঈদের সময় সিনেমা হলে যাওয়া ছিল আনন্দের অন্যতম অংশ। সে অনুভবের স্মৃতিতে এখন মরচে পড়েছে। তা আর ফিরে আসার নয়।" তিনি বলেন, নগরীতে বনেদি হলগুলো বন্ধ হয়ে গেলেও প্রায় একশ বছর আগের প্রতিষ্ঠিত লায়ন সিনেমা হল এখনও তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। অথচ গত এক দশকে নগরীর ঐতিহ্যবাহী আর অভিজাত অন্য সিনেমা হলগুলো পরিণত হয়েছে শপিং মলে। জাতীয় চলচ্চিত্রে এক ধরনের দৈন্যদশা, অসুস্থ প্রতিযোগিতা আর মানহীন চলচ্চিত্রের কারণেই আজকের এ দুর্দশা। চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা আর সামর্থ্যরে অভাবে এবং সর্বোপরি ভালো মানের চলচ্চিত্র নির্মাণের চর্চা না থাকায় পুরো শিল্পটি আজ ডুবতে বসেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, দেশীয় ছবির পাশাপাশি বিশ্বের অন্য দেশের বাছাই করা ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হলে হলগুলো বন্ধ হয়ে যেত না এবং প্রতিযোগিতার কারণে দেশেও ভালো ছবি তৈরি হতো। ছিদ্দিক আহমদ বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯০৮ সালে চট্টগ্রাম ভ্রমণের সময় যে হলটিতে বক্তৃতা করেছিলেন তার দেড় থেকে দুই বছরের মাথায় সেটা লায়ন সিনেমা হলে পরিণত হয়। প্রায় একশত বছর ধরে সেই অনুপ্রেরণাকে ধরে রেখে সিনেমা হলটি চালু রাখলেও দর্শক আগ্রহের অভাবে অন্যরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।" হলগুলোর পরিবেশ আর ভদ্রোচিত নেই বলে যারা শখ করে সিনেমা হলে আসতেন তারাও আর সে পথ মাড়ান না বলে মন্তব্য করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুজন কবির। ভাঙা আসন, দুর্বল সাউন্ড সিস্টেম, অত্যাধিক গরমে কেউ আর হলমুখী হতে চায় না। ঘরে বসেই যেখানে নতুন ছবি দেখার ব্যবস্থা আছে সেখানে কে কষ্ট করে হলে যাবেন- পাল্টা প্রশ্ন করেন তিনি। চট্টগ্রামের সিনেমা হল ব্যবসার পথিকৃত রফিক উদ্দিন সিদ্দীকির নাতি শাহেদ আজগর চৌধুরী হল বন্ধ হওয়া প্রসঙ্গে বলেন- ছবির নিম্নগামী মান, দর্শক বিমুখতা, উচ্চ হারের করের কারণে তাদের পরিবারের মালিকাধীন হলগুলো তারা বন্ধ করে দিতে বাধ্য হন। আলমাসের কর্মকর্তা মো. মোহসীন দর্শকদের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন "ভালো ছবি এনেও যখন দর্শক পাওয়া না যায় তখন গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে আর উপায়ইবা কী?" তিনি বলেন, নিম্ন আয়ের মানুষজন ছাড়া তেমন কেউ আর হলে আসে না। তাও সংখ্যাটা ইদানীং অনেক কমে গেছে। ডিশ লাইনের সংযোগ পাড়ার আনাচে কানাচে ও বস্তিগুলোতে পৌঁছে যাওয়ায় তারা চ্যানেলগুলোতে বিনা পয়সার সিনেমা দেখে ফেলে। পয়সা খরচ করে কেউ আর হলে আসেন না। তবে সিনেমা হলের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্দশায় আছেন কালোবাজারে টিকিট ব্যবসা করে যাদের সংসার চলত সেই টিকিট বিক্রেতারা। নিরুপায় হয়ে আলতাফ, একান্নার মতো অনেকে অন্য কাজ খুঁজে নিতে বাধ্য হচ্ছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১২৩৬ ঘ.