ঢাকা,অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুল করিম (২২) নামে একজন বাস চালক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার রাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত দেড়টার দিকে পেট ও পিঠসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম অবস্থায় আব্দুল করিমকে বাসের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।
পরে তাকে ঊদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়।
সন্ধ্যায় আব্দুল করিমের ভাই সোহেল বাদী হয়ে একটি মামলা করেছেন। মিলন, শেখ সাদি ও অজ্ঞাত কয়েক যুবককে আসামি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্ব শত্র"তার জের ধরে অভিযুক্তরা হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সন্ধ্যা পর্যন্ত পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24