ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - একটি শিম্পাঞ্জির পায়ের তলায় আপেল আর হাতে গলফ স্টিকের মতো একটি লোহার স্টিক। মনে হচ্ছিল এই বুঝি আপেলটা বাইরে ছুড়ে দেবে সে। কিন্তু না শিম্পাঞ্জিটি তা করেনি। যেন বুঝে গেছে, বেহাত হয়ে যাবে তার আপেল। খাঁচার সামনে যে লেখা ছিল এরা বুদ্ধিমান প্রাণী!
শুক্রবার দুপুরে ঢাকা চিড়িয়াখানায় শিম্পাঞ্জিটা তার বুদ্ধির পরিচয় দিলেও হতাশ হয়েছে দর্শকরা। কিন্তু ঈদ সামনে রেখে চিড়িয়াখানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
বানরের খাঁচায় চুপ হয়ে আছে বানর। মনে হল রোজা রেখেছে। বানর বাদরামি করবে না এ কেমন কথা!
তারপর যাওয়া হলো বাঘের খাঁচার সামনে। রয়েল বেঙ্গল টাইগার। শাওন নামের বাঘটিও চুপচাপ। তর্জনগর্জন নেই। বেচারা শাওনের চুপচাপ অবশ্য যথার্থ কারণ আছে। কই তাকে একটা সঙ্গী জোগাড় করে দেবে, একটু মৌজ মাস্তি করবে-সেদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নজরই নেই।
শাওনের মন খারাপ দেখে তিন বছরের শিশু আকাশ বলল "বাঘ মামা আইসক্রিম খাবা? গাড়িতে চড়বা?"
পাশেই দুটি ভাল্লুক খাঁচায় বসে শসা খাচ্ছিল। নিজেরা একটু শান্তিমতো খাবে তাও নয়। কোথা থেকে কতগুলো কাক এসে ভাগ বসাচ্ছিল। দেখা গেল খাঁচার এক পাশে নিচের দিকে জালের বেড়ায় বেশ খানিকটা ফাঁকা। সেখান দিয়ে কাকগুলো অনায়াসে আসা যাওয়া করছে।
এক দর্শনার্থী বলে উঠলেন, "কী খাবার দেয় অল্প অল্প, যতো কম দামি খাবার আছে সব অগোরে খাওয়ায় এল্লিগা এই অবস্থা।"
ভারতীয় সিংহের খাঁচায় রনি ও রিনা নামের সিংহ দম্পতি বেশ আয়েশ করে গরুর রান চিবাচ্ছিল।
মসৃণ ভোঁদড়ের পাশাপাশি দুটি খাঁচায় দুই ভোঁদড় বন্দি। কেউ কাউকে না দেখলেও দুজনই অদ্ভুত শব্দে চিৎকার করছিল। একজন তাই দেখে বলে উঠলেন, "আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে।"
লোনা পানির কুমির ও ইশ্চুরাইন কুমিরের দুটি জলাশয়ের সামনে দেখা গেল কুমির দুটি মুখ হা করে রোদ পোহাচ্ছে, কোনো নড়াচড়া নেই। এক দর্শনার্থী একটাকে লক্ষ করে বললেন, "এইডা মনে হয় মরা।"
কেশোয়ারি পাখির খাঁচার সামনে যেতেই শিশু ফাহিম দাঁড়িওয়ালা ও টুপি পরা বাবাকে বলে উঠলো, "আব্বু এডা দেখি হুজুর, মাথায় পাগড়ি পড়ছে।"
কেশোয়ারির মাথায় ছিল খয়েরি রঙের বিশাল ঝুটি। গলাটা ছিল নীল ও নেভী ব্লু রঙের। লাল রঙের গলার ঝুলে পড়েছে চামড়া দাঁড়ির মত।
কেনিয়া থেকে আগত জলহস্তীদের কেউ কেউ খাচ্ছিল ঘাস । কেউ কেউ পুকুরের পানিতে ডুবে ডুবে গা জুড়াচ্ছিল। খাঁচার সামনে জলহস্তির খাদ্য তালিকায় লেখা- প্রত্যেক জলহস্তি প্রতিদিন ৯০ কেজি করে ঘাস, ১০ কেজি করে গমের ভূষি ও ২০ কেজি করে মৌসুমী শাকসবজি খেয়ে থাকে।
সাপের খাঁচার সামনে দেখা গেল বেশ ভিড়। সবাই কেমন ভয়ে ভয়ে দেখছে। গোখরা সাপের খাঁচায় কয়েকটি ছোট ইঁদুর ও মুরগির বাচ্চা ছিল। বেচারা গোখরা এদের প্রতি কোনো আগ্রই দেখাল না। তিনি কাঁচের বাক্সে হম্বিতম্বি করছিল। মনে হচ্ছিল এই বুঝি বেরিয়ে যায়।
ঈদ সামনে রেখে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শকদের সুবিধার দিকগুলো দেখছেন। এ উৎসবে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ দর্শনার্থী চিড়িয়াখানায় বেড়াতে আসেন। এর মধ্যে শিশুরাই বেশি। ফলে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
উৎসব আয়োজন নিয়ে চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক কর্মকর্তার সঙ্গে কথা বলা যায়নি। তিনি সভায় ব্যস্তছিলেন।
ঢাকা চিড়িয়াখানার প্রাণী পুষ্টি কর্মকর্তা কৃষিবিদ মো. সফিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে ৪০-৫০ হাজার মানুষ বেড়াতে আসেন। যাতে দর্শকরা অহেতুক দুর্ভোগের শিকার না হন সেটা বিবেচনায় রেখে এবার সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রাখা হচ্ছে।
তিনি জানান, অতিরিক্ত মানুষের সমাগমে প্রাণীরা ভয় পেয়ে ও উত্তেজিত হয়ে যাতে কোন অঘটন না ঘটায় সেজন্য তাদের জন্য বিশেষ যত
bdnews24