ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং থেকে নিউমার্কেটে যাবেন পাভেল। ঈদের কেনাকাটার বাকি অংশটা শেষ করতে। অন্যান্য দিন সেখান থেকে কোথায়ও যেতে গড়ে কমপক্ষে ১০ জন রিক্সা চালককে অনুরোধ করার পর একজন কোনো মতে রাজি হয়। তাও ভাড়াটা একটু বেশিই দিতে হয়। তবে চিত্র উল্টে গেছে। পাভেল বাসা থেকে বের হতে না হতেই বেশ কয়েকটি রিক্সার চালক প্রায় চিৎকার করে তাকে বলছে,ভাই কোথায় যাবেন? আমার রিক্সায় আসেন।
শনিবার ঈদ ধরে নিয়ে আগের দিনই অধিকাংশ মানুষ গ্রামে ছুটে যাওয়ায় এমনই চিত্র রাজধানীর অধিকাংশ রাজপথগুলোর। নিত্যকার জনস্রোত, যানজট কিংবা ট্রাফিক সিগন্যালে আটকে থাকা নেই। নেই মোটর ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ, কানে তালা মেরে দেওয়া অনর্থক হর্ণ আর মানুষের প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় দৌঁড়-ঝাপ। চারদিকের কোলাহল আর ব্যস্ততা থেমে ঢাকা যেন ঝিরিয়ে নিচ্ছে দিন কয়েক।
শনিবার সকাল থেকেই রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা ছিল নগন্য। রিকশার টুংটাং শব্দ জানান দিয়েছে তাদের উপস্থিতি। অনেক সিএনজি চালিত বেবি ট্যাক্সিকে দেখা গেছে ডেকে ডেকে যাত্রী নিতে। রোজকার মতো যাত্রীদের-অনুনয় বিনয় করতে হয়নি একটুও।
রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেইট ও নিউমার্কেট এলাকার এই প্রায় নির্জনতা যাদেরকে মুগ্ধ করেছে অনিতা ও অমিতকে। সম্পর্কে তারা ভাই বোন। গাড়ির টিকেট না পাওয়ায় গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। এবার ঢাকাতেই ঈদ করবেন তারা।
এদের দুজনকে দেখা গেল ঘন্টা চুক্তিতে একটি রিক্সা নিয়ে ঢাকা শহর দেখার জন্য বেরিয়ে পড়তে। অনিতা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"আসলে নাগরিক ব্যস্ততায় ঢাকা শহরে র্দীঘদিন থেকেও একে ভালো করে দেখার সুযোগ হয়নি। আজ সে সুযোগ এসেছে বলে দু'ভাই-বোন বেরিয়ে পড়লাম।"
পেশাগত কারণে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারেননি পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পরিদর্শক হেলাল উদ্দিন। উত্তরা থেকে অন্যান্য দিনের চেয়ে অনেক কম সময়ের মধ্যে কর্মস্থলে আসতে পেরে বেশ খুশি। তিনি বলছিলেন,"ঢাকা শহরটা আসলে যে খুবই সুন্দর, সেটা বোঝা যায় হরতাল বা ঈদের ছুটিতে।"
রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম হলেও কাঁচাবাজার আর মসলার দোকানে মানুষের ব্যস্ততা ঈদের আগের দিনেও কমেনি। বড় বড় দোকানের পাশাপাশি গলির দোকানগুলোতেও মশলা কেনার জন্য ক্রেতারা ভিড় করেছে।
ধানমণ্ডিতে অবস্থিত নন্দন ডিপার্টমেন্ট স্টোর থেকে ঈদের দিনের জন্য পোলাওয়ের চালসহ বিভিন্ন রকম মসলা কিনে ফেরার পথে আলেয়া বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"ঈদের কেনাকাটা তো ঈদের দিন পর্যন্তও শেষ হয়না। ভেবে ছিলাম আজ ঈদ হবে। তাড়াহুড়া করে জিনিসপত্র কিনেছিলাম। তাই কয়েকটি জিনিস কেনা হয়নি বা কম কেনা হয়েছিল। বাকিগুলো এখন কিনে নিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১২৩০ ঘ.
bdnews24