ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এশীয় উন্নয়ন ব্যাংক শুক্রবার বলেছে, তারা বাংলাদেশের কোন সরকারকেই জ্বালানির তেলের দাম বাড়াতে বলেনি। বরং সামষ্টিক অথনীতির নীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ভারসাম্য নিশ্চিত করতে আনুপাতিক সমন্বয়ের পরামর্শ দিয়েছে।
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সংস্থার ভাইস প্রেসিডেন্ট লিকুন জিন সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, "আমরা কোনো সরকারকে জ্বালানি তেলের দাম বাড়াতে বলিনি। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে আনুপাতিক সমন্বয়ের কথা বলেছি। তবে এটা করবে কি করবে না সেটা সরকারের নিজের ব্যাপার।"
তিনি জানান, সরকারের সামষ্টিক অর্থনীতি সংক্রান্ত নীতিগুলোর উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করে এডিবি।
ম্যানিলাভিত্তিক বহুপক্ষীয় দাতা সংস্থা এডিবি ১৯৮২ সালে বাংলাদেশে কাজ শুরু করে। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশের জ্বালানি, গ্যাস, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের অবকাঠামো নির্মাণ প্রকল্পে প্রায় ৯ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।
সংস্থাটি জানায়, টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশকে তারা আরো সাহায্য দিতে রাজি।
এডিবি ভাইস প্রেসিডেন্ট দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার বর্তমান সরকারের প্রয়াসের প্রশংসা করেন। এছাড়া সরকারের বন্যাত্তোর পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা দেওয়ার ব্যাপারে তিনি আবারো অঙ্গীকার করেছেন।
লিকুন জিন বলেন, "দীর্ঘমেয়াদী সুফলের জন্য দুর্নীতি বিরোধী অভিযানকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গুরুত্বপূর্ণ।"
ভর্তুকির সমালোচনা করে তিনি বলেন, পণ্যের দাম যদি কৃত্রিমভাবে কম রাখা হয় তাহলে মানুষ পর্যাপ্ত সরবরাহ পাবে না।
এডিবি কর্মকর্তা বলেন, "আমরা বিশ্বাস করি পানি ও বিদ্যুতের শুল্ক এবং জ্বালানি তেলের দাম সাধারণভাবে সমন্বয় করা হলে সেটা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের নিশ্চয়তা দেবে। যদি জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা হয় তবে এতে টেকসই উন্নয়ন হবে না এবং এর ধারাবাহিকতায় জনগণও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পাবে না।
লিকুন জিন বিনামূল্যে পানি সরবরাহ এবং এতে যথাযথভাবে পানির ব্যবহার না হওয়া সিস্টেম লসের বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, "দেশের সামষ্টিক অর্থনীতির নীতির আলোকে এবং মূল্যস্ফীতিকে প্রভাবিত না করে যে কোনো কিছুর দাম বাড়ানো উচিত। সব ক্ষেত্রে ভর্তুকি দেওয়াটা আমরা পছন্দ করি না। বরং আমরা সরকারকে পরামর্শ দেই যে যাদের দরকার কেবল তাদেরই ভর্তুকি দেওয়া হোক।"
দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে লিকুন বলেন, এটা স্বল্প সময়ের জন্য অর্থনীতিকে ক্ষতি করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে তা সুফল বয়ে আনবে।
তিনি বলেন, "দুর্নীতি বিরোধী অভিযান ব্যবসায় সুফল বয়ে আনবে। এর প্রয়োজনীয়তা বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যবসায় সুফল নিয়ে আনবে।
তিনি আশা প্রকাশ করেন, যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার সঠিক পথেই এগোচ্ছে।
বাংলাদেশে এডিবির কার্যক্রমের ২৫ বছর পূর্তি উপলক্ষে লিকুন জিন চার দিনের সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান। ঢাকায় তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, অর্থ উপদেষ্টা, আইন ও তথ্য উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এমএসবি/এমএইচবি/২২৪৭ ঘ.
bdnews24