ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর আদাবরে ফয়সাল এলাহী (২২) নামের এক যুবককে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। নিহত ফয়সাল রাজধানীর এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
ফয়সালের বাবা এমএ হান্নান কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা। রাজধানীর আদাবরে বায়তুল আমান হাউজিংয়ে তাদের বাসা।
ফয়সালের খালাতো ভাই শাহরিয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২টার দিকে কে বা কারা ফয়সালকে ফোন করে। ফোন পাওয়ার পর সে বাসা থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুজি করে বাসার ছাদ থেকে ফয়সালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাত সোয়া একটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ফয়সাল মারা গেছে। তার গলার চাকু দিয়ে জবাই করার চিহ্ন রয়েছে।
আদাবর থানার উপ-পরিদর্শক মো. শামসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফয়সালের বাবা আব্দুল হান্নান অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। খুনিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২০২৬ ঘ.
bdnews24