সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিলেট-৩ আসনের সাবেক বিএনপি সাংসদ শফি আহমদ চৌধুরী ও তার ব্যক্তিগত কর্মকর্তা সেলিম আহমেদকে ত্রাণ আত্মসাৎ মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
সিলেটের দ্রুত বিচার আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জগজিৎ সিংহ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
গত ১৭ ফেব্র"য়ারি যৌথবাহিনী শফি আহমদ চৌধুরীর দক্ষিণ সুরমার দাউদপুরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণের ঢেউটিন ও বিস্কুট উদ্ধার করে। এ ঘটনায় পরদিন দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক তারেকুজ্জামান বাদী হয়ে শফি আহমদ চৌধুরী ও তার ব্যক্তিগত কর্মকর্তা সেলিম আহমেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় রায় ঘোষণার আগের তারিখ ধার্য ছিল ২৮ সেপ্টেম্বর। এর আগের দিন শফি চৌধুরী আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
রায় ঘোষণার পর শফি আহমদ চৌধুরী আদালতে সাংবাদিকদের বলেন, "৮৬ থেকে জনগণের কাজ করে আসছি। এ রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।"
এর আগে রায় শুনে শফি আহমদ চৌধুরীর স্ত্রী লতিফা শফি চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রায়ে আমরা খুবই সন্তুষ্ট।"
শফি আহমদ চৌধুরীর আইনজীবী সামছুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪০৬, ৪২০, ৪১১ ও ২০১ ধারায় সমস্ত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১৩৪০ঘ.
bdnews24