২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ও রাজবাড়িতে ব্যাপক নদী ভাঙন

চাঁদপুর পুরানবাজারে শহর রক্ষা বাঁধে মঙ্গলবার মেঘনার আকস্মিক ভাঙনে চারশ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মায় ভাঙনের ফলে ফসলি জমি, ঘরবাড়িসহ বিপুল সম্পদ নদীগর্ভে তলিয়ে গেছে। চাঁদপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, শহরের পুরানবাজার এলাকায় শহর রক্ষায় নির্মিত ব্লকবেষ্টিত বাঁধে মঙ্গলবার ভোরে আকস্মিক ভাঙনে ধোপাপট্টি থেকে পুরাতন ফায়ার সার্ভিস পর্যন্ত চারশ মিটার এলাকা মেঘনায় তলিয়ে যায়। এখন ভাঙনের মুখে আছে সেখানের পৌর দাতব্য চিকিৎসালয়, কয়েকটি বাড়ি ও ব্যবসায়িক স্থাপনা। ভাঙন রোধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পুরানবাজারে শহর রক্ষা বাঁধে মঙ্গলবার মেঘনার আকস্মিক ভাঙনে চারশ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে, রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পদ্মায় ভাঙনের ফলে ফসলি জমি, ঘরবাড়িসহ বিপুল সম্পদ নদীগর্ভে তলিয়ে গেছে। চাঁদপুর থেকে আমাদের প্রতিনিধি জানান, শহরের পুরানবাজার এলাকায় শহর রক্ষায় নির্মিত ব্লকবেষ্টিত বাঁধে মঙ্গলবার ভোরে আকস্মিক ভাঙনে ধোপাপট্টি থেকে পুরাতন ফায়ার সার্ভিস পর্যন্ত চারশ মিটার এলাকা মেঘনায় তলিয়ে যায়। এখন ভাঙনের মুখে আছে সেখানের পৌর দাতব্য চিকিৎসালয়, কয়েকটি বাড়ি ও ব্যবসায়িক স্থাপনা। ভাঙন রোধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং মেঘনার পানির প্রবল চাপ ও ঢেউয়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা। চাঁদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুর জেলার সবচেয়ে প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র এই পুরানবাজার এলাকা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের কাছে অনুরোধ জানান। রাজবাড়ী প্রতিনিধি জানান, শহরের কাছে পদ্মা নদীতে ভাঙনের ফলে গত ১৫ দিনে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর এলাকার প্রায় পাঁচশ একর ফসলি জমি, চার শতাধিক ঘরবাড়ি, স্যাটেলাইট ক্লিনিক, মসজিদ, স্কুল ও কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও ভাঙনের আশঙ্কায় বহু পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে আসবাবপত্র, গাছগাছালি নামমাত্র দামে বিক্রি করে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এদের অনেকেই আশ্রয় নিয়েছে সদর উপজেলার মাঠিপাড়া, বানিবহ, গঙ্গাপ্রসাদপুর, লক্ষ্মীকোল, চরনারায়ণপুর, মেছোঘাটা ভেড়ি বাঁধ ও গোদার বাজারের বিভিন্ন এলাকায়। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নদীর গতি প্রকৃতি বদলে যাওয়ায় ভাঙন তীব্রতর হয়ে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ভাঙন রোধে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে রাজবাড়ি শহর হুমকির মুখে পড়বে। তিনি আরও বলেন, ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি একটি পরিকল্পনার জন্য সমীক্ষা চালানো হচ্ছে। সমীক্ষা শেষে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। জেলা প্রশাসক তৌহিদা বুলবুল জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কিছু ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া গৃহ নির্মাণ মঞ্জুরি দেওয়ার জন্য তালিকা প্রস্তুত ও সরকারি জমি বন্দোবস্ত প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৯১৫ ঘ.