ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেতন-বোনাস পরিশোধ না করার কারণে শ্রমিক অসন্তোষ হতে পারে এমন ৩৭টি তৈরি পোশাক কারখানার তালিকা বিজিএমইএকে দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
বিজিএমইএর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিষয়টি স্বীকার করে বলেছেন, "গার্মেন্টস মালিকরা ধার-কর্জ করে হলেও ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা পরিশোধ করবেন। এজন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
বুধবার নাম প্রকাশ না করার শর্তে এসবি'র একজন কর্মকর্তা জানান, বেতন বোনাসের দাবিতে গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ রোধে বিজিএমইকে ঢাকা ও সাভারের ৩৭টি গার্মেন্টস কারখানার একটি তালিকা দেওয়া হয়েছে। এ গার্মেন্টসগুলোতে বেতন-বোনাস পরিশোধে কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে শ্রমিক অসন্তোষের আশংকা করা হচ্ছে।
বিষয়টি স্বীকার করে আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, "সরকার ও বিজিএমইএ'র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলেও কিছু কারখানার তালিকা দেওয়া হয়েছে। এরকম সবসময়ই তালিকা দেওয়া হয়।"
তিনি জানান, মঙ্গলবারও বেতন বোনাস নিয়ে ঢাকা ও গাজীপুরের ৭/৮টা তৈরি পোশাক কারখানায় সমস্যা হয়েছিল। ওইদিনই তাদের পাওনা পরিশোধ করে সে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালেও গাজীপুর ও ঢাকার দু'টি কারখানায় শ্রমিক অসন্তোষ হয়। ওই দুইটাতে এখন বেতন পরিশোধ করা হচ্ছে বলে জানান আনোয়ার-উল আলম।
তিনি বলেন, "পোশাক শিল্প মালিকরা ধার কর্জ করে হলেও যে যেভাবে পারে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করছে। ব্যাংকগুলোও এজন্য সহযোগিতা করছে। এর আগে কম সুদে ঈদের আগে কয়েকদিনের জন্য ঋণ চেয়েছিল গার্মেন্টস মালিকরা। বিষয়টা নিয়ে ব্যাংকারদের সাথে বিজিএমই নেতারা বৈঠকও করেছিলেন।"
তবে বেতন বোনাস নিয়ে যতোটা খারাপ অবস্থা আশঙ্কা করা হয়েছিল ততোটা হয়নি বলে জানান আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
তিনি বলেন, আশা করছি মোটামুটি সব কারখানায় বেতন বোনাস ঈদের আগে দিয়ে দেওয়া হবে। এজন্য সব গার্মেন্টস মালিক সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এআরএইচ/আরএ/এমএ/১৫৩৫ঘ.ুু
bdnews24