২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন কাদের দম্পতির দুর্নীতি মামলা বিশেষ আদালতে

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব গোপনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা দুদকের মামলাটি শেরে বাংলা নগরের বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ১৮ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব গোপনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা দুদকের মামলাটি শেরে বাংলা নগরের বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ১৮ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। এ সময় সালাহউদ্দিন কাদেরকে আদালত হাজির করা হয়। সম্পদের হিসাব গোপন ও অবৈধ সম্পদ অর্জনে সালাহউদ্দিন কাদেরকে সহযোগিতা করার অভিযোগে তার স্ত্রী ফরহাদ কাদের চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক। ১৩ জুন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আখতার হামিদ ভূইঞা সম্পদের হিসাব গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। দুর্নীতি দমন কমিশনে সালাহউদ্দিন কাদেরের দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার তথ্য গোপনের অভিযোগ এনে ৩০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন কমিশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএসবি/এমএইচবি/১৯৫৭ ঘ.