২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ অক্টোবরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতনভাতা দেওয়ার নির্দেশ

১১ অক্টোবরের মধ্যে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন পরিশোধ করার জন্য তৈরি পোশাক শিল্প মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে বেতনভাতা ও বোনাস পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2007, 08:03 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১১ অক্টোবরের মধ্যে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন পরিশোধ করার জন্য তৈরি পোশাক শিল্প মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাক শিল্প কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে বেতনভাতা ও বোনাস পরিশোধ করা না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হবে।" কোন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে আন্দোলন বা 'বিশৃঙ্খলার' চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, "মালিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় ঈদের বেতন ও বোনাসের তাগিদে আন্দোলন ও বিশৃঙ্খলার আশংকার কথা জানিয়েছেন। তাদেরকে সুনির্দিষ্টভাবে এসব স্পর্শকাতর স্থানের নাম জানাতে বলা হয়েছে। একইসঙ্গে এসব স্পর্শকাতর স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।" উপদেষ্টা বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্টানে মালিক-শ্রমিক সম্পর্ক অনেকটা উন্নত হয়েছে। এ ধারা অব্যাহত রাখার জন্য শ্রমিক ও মালিকদের মধ্যে বেশি বেশি সংলাপ অয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। বিজিএমইএ এর সভাপতি আনোয়ারুল আলম চৌধূরী পারভেজ বলেন, "১১ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা কঠিন হবে। তবে এক্ষেত্রে ব্যাংকগুলো যদি সহায়তা করে তবে সম্ভব হবে।" ব্যাংকগুলোকে সহায়তা করার আহবান জানান তিনি। তিনি আরও বলেন, মালিক, শ্রমিক এবং সরকারের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি এখন পর্যন্ত ৬৫ টি প্রতিষ্ঠানে কার্যকর করা হয়নি। ওই প্রতিষ্ঠানগুলোতে চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বলেন, "বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে বর্তমানে ৪২টি শ্রমিক সংগঠন রয়েছে। অভিযোগ রয়েছে এই সমস্ত সংগঠন বিদেশ থেকে টাকা এনে শ্রমিক আন্দোলন এবং বিশৃঙ্খলায় মদদ জোগাচ্ছে।" এতে এনজিওদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আশফাক হামিদ, বিজিএমইএ এর সভাপতি আনোয়ারুল আলম চৌধূরী পারভেজ, বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক, শ্রমিক প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৩৩০ ঘ.