ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ভারতে আত্মগোপনে থাকা বাংলাদেশের আরো ৭ শীর্ষ সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সোমবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ফণী ভূষণ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ফণী ভূষণ চৌধুরী বলেন, "ভারতের পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা হারিছ ও জয়সহ আরো ৭ সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আজও (সোমবার) আমি পশ্চিমবঙ্গ সিআইডি প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছি।"
চলতি মাসের মধ্যেই ওই সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার সম্মুখীন করা সম্ভব হবে বলে সিআইডি প্রধান আশা প্রকাশ করেন।
এর আগে ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট দিয়ে রোববার দুপুরে তিন সন্ত্রাসীকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরা হলো হাবিবুর রহমান তাজ ওরফে নাইমুল হাসান (২৯), সোহেল ইব্রাহীম ও বিপ্লব ওরফে লম্বা সেলিম (৩৫)।
আইনের হাত এড়াতে বাংলাদেশের অনেক অপরাধীর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া সাধারণ ঘটনা হলেও সেদেশ থেকে কোনো সন্ত্রাসীকে ফিরিয়ে আনার ঘটনা এটাই প্রথম। ওই তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল।
গত ছয় মাসের মধ্যে বিভিন্ন সময়ে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ওই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার কওে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তুলে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেয় এবং তারা সে সাজা ভোগ করেছে।
এই তিন সন্ত্রাসীকে সোমবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২২৫২ঘ.
bdnews24