সাভার, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছুটির দাবিতে শ্রমিক আন্দোলন ঠেকাতে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) 'শান্তা ডেনিম' ও 'শান্তা ইন্ডাট্রিজ' নামের দুটি পোশাক কারখানা সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা দুটির শ্রমিকরা জানায়, ঈদ উপলক্ষে তারা ১০দিনের ছুটি দাবি করলেও কর্তৃপক্ষ কয়েকদিন আগে সাত দিনের ছুটি ঘোষণা করে। কিন্তু এ ঘোষণা না মেনে আন্দোলন শুরু করে তারা। এ আন্দোলন ঠেকাতে কর্তৃপক্ষ সোমবার সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ-শ্রীলংকার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান শান্তা ডেনিম ও শান্তা ইন্ডাট্রিজ এর মহাব্যবস্থাপক মাহমুদ ইসলাম জানান, প্রতিষ্ঠানের শ্রমিকরা তিন-চার দিন ধরে কিছু অযৌক্তিক দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে। এতে বাধা দিলে শ্রমিকরা কর্মকর্তাদের ওপর হামলা চালায় ও ভাঙচুর করে। তাই কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
শান্তা ডেনিমের শ্রমিক সেতু আক্তার জানান, সকাল ৭টার দিকে কারখানার প্রধান ফটকে এসে তিনি বন্ধের নোটিশ দেখতে পান। কান্না জাড়ানো কণ্ঠে তিনি বলেন, "কারখানা খোলা না থাকলে আমরা বেতন পামু কই আর বেতনের টাকা না পাইলে খামুইবা কী?"
শান্তা ইন্ডাট্রিজ এর সুইং অপারেটর সাথী আক্তার বলেন, "এবার ঈদে বাড়তি তিনদিন ছুটি চাওয়াই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।"
এ বিষয়ে বেপজার মহাব্যবস্থাপক আব্দুর রশিদ জানান, ইপিজেড এর ৯৯ শতাংশ শ্রমিক শান্তিপূর্ণ পরিবেশে নিরিবিলি কাজ করতে চায়। বাকি এক শতাংশ শ্রমিক বিভিন্ন সময় মহল বিশেষের ষড়যন্ত্রে পা দিয়ে গোলমালে জাড়িয়ে পড়ে।
অন্যদিকে, ইপিজেড এর সিকিউরিটি ইনচার্জ সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কিছুদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল। এটি থামাতে প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/এমএ/২০০৯ ঘ.
bdnews24