ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী মধ্য নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ চলবে। এ সময়ে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িক বন্ধ রাখতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়, এ বছর মধ্য নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন এলাকায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র ওেয়া হবে। এ সময়ে সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক স্কুলে বার্ষিক পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষাসহ স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষা হওয়ার কথা।
এতে আরও বলা হয়, বার্ষিক পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষাসহ যথাসময়ে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠান অত্যন্তগুরুত্বপূর্ণ। অন্যদিকে, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কাজটিও জনগুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে দুটি কাজই সর্বোচ্চ গুরুত্বসহ শেষ করতে হবে।
পরিপত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিকনির্দেশনা দিয়ে বলা হয়, এই প্রেক্ষাপটে ভোটার নিবন্ধন কাজের স্বার্থে পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচি সামান্য পরিবর্তন অথবা সমন্বয় করতে হবে। তাছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন কার্যক্রম চলবে সে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস প্রয়োজন হলে স্থগিত রাখতে হবে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও পরিপত্রে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/এসএনডি/১৬৪১ ঘ.
bdnews24