আবু সাঈদ খান
প্রযুক্তি সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিচালনার জন্য রোববার দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
কমিশন ঢাকায় দুটি আন্তঃযোগাযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং তিনটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স দেবে।
প্রতিটি আইসিএক্স ও আইজিডব্লিউর জন্য দরপত্রে দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
ঘোষণা অনুযায়ী, দরপত্র জমা নেওয়ার আগে আগামী ৫ নভেম্বর বিটিআরসি আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে একটি বৈঠক করবে। আগামী ২২ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র নেওয়া হবে।
এর আগে ১৭ আগস্ট বিটিআরসি চেয়ারম্যান মঞ্জুরুল আলম সুম্পষ্টভাবে গণমাধ্যমকে জানান, বিদেশি অথবা যৌথ উদ্যোগে পরিচালিত বিদেশি কোম্পানি আইজিডব্লিউ অথবা আইসিএক্স লাইসেন্স পাওয়ার যোগ্য বিবেচিত হবে না। দেশে বসবাস করছেন না এমন কোনো বাংলাদেশিও লাইসেন্স পাবেন না। বাংলাদেশি মালিকানার যেসব প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীরা দেশে বসবাস করছেন কেবল তাদের আবেদনই বিবেচনা করা হবে।
বর্তমানে মোবাইল ও ফিক্সড লাইন ফোন সেবা দিচ্ছে এমন প্রতিষ্ঠানগুলোও এক্ষেত্রে আবেদন করতে পারবে না। তবে বর্তমানে আন্তর্জাতিক ফোন কল সেবা দেওয়ায় বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এ লাইসেন্স পাবে।
আন্তর্জাতিক কল ও স্থানীয় অপারেটরদের কল আদান-প্রদানের জন্য বেসরকারি খাতে দুটি ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স দেওয়া হবে যেগুলো আইজিডব্লিউ'র সঙ্গে যুক্ত থাকবে। এ ছাড়া, এই লাইসেন্সের আওতায় ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও খুলনায় একটি করে মোট ৬টি এক্সচেঞ্জ স্থাপন করা হবে।
ফিক্সড ও মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক কলগুলো এই ছয়টি আইসিএক্স এর যে কোনো একটির মাধ্যমে প্রথমে আইজিডব্লিউতে যাবে এবং সেখান থেকে বিটিটিবির সাবমেরিন কেবলের মাধ্যমে নির্দিষ্ট বিদেশি নম্বরে পৌঁছাবে। বিদেশ থেকে আসা কলগুলোও একই প্রক্রিয়ায় দেশের ভেতরে নির্দিষ্ট নম্বরে পৌঁছাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/এডি/এমএসবি/এমএইচবি/০০৫৭ ঘ.
bdnews24