ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কমলাপুর রেলস্টেশনে শনিবার সাংবাদিক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। এদিকে, রেলের মহাপরিচালক বেলায়েত হোসেন দাবি করেছেন, শনিবারের সাংবাদিক লাঞ্ছনার ঘটনাটি ছিল স্রেফ 'ধাক্কাধাক্কি'। তিনি দুই রেলকর্মীর টিকেট কালোবাজারির অভিযোগ সম্পর্কে বলেন, তারা স্বজনদের জন্য ২০টি টিকেট সংগ্রহ করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
শনিবার কমলাপুর রেলস্টেশনে ঈদের টিকেট নিয়ে প্রতিবেদন করতে গিয়ে রেলকর্মী ও কালোবাজারিদের নির্যাতনের শিকার হন রেডিও টুডের সিনিয়র প্রতিবেদক আনোয়ার হক। এর আগে কালোবাজারির অভিযোগে রেলের কন্ট্রোল সহকারী আলাউদ্দিন খান ও ডাটা এন্ট্রি অপারেটর সিরাজউদ্দৌলাকে আটক করে র্যাব।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "ঘটনার পরপরই র্যাব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান শুরু হবে। ওই সময়ে র্যাব সদস্যদের কোনো গাফিলাতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"
অন্যদিকে, র্যাব- ৩ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার সুলতান মো. নূরানী জানান, সাংবাদিক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের ধরতে শিগগিরই তারা অভিযান শুরু করছেন। বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া ছবিতে আনোয়ার হককে মারধরের সময় র্যাব সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "আমাদের একজন অ্যাডজুটেন্ট আসলে তাকে উদ্ধার করতে হেঁটে যাচ্ছিলেন। ওই অ্যাডজুটেন্টই পরে তাকে উদ্ধার করেন। কিন্তু স্থিরচিত্রে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন। প্রকৃতপক্ষে বিষয়টি তেমন ছিল না।"
আটক দুই কর্মচারীর বিষয়ে কমান্ডিং অফিসার বলেন, "রেল কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্ত করেছে। তবে আটকের পর শনিবারই তাদের রেল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়।"
এদিকে, রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটমককে শনিবারের ঘটনা সম্পর্কে বলেন "ওটা ছিল ধাক্কাধাক্কি। ঘটনার সময় আমরা ছিলাম না। তবে এরকমই শুনেছি।"
ওই 'ধাক্কাধাক্কির' ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করা গেছে কি না- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "না ভাই আমরা কাউকে চিনি না।"
র্যাবের হাতে আটক দুই কর্মচারী সম্পর্কে তিনি বলেন, "প্রাথমিকভাবে মনে হয়েছে তারা আত্মীয় স্বজনদের জন্য টিকেটগুলো সংগ্রহ করেছে। তবে এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24