ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আগামী ৪ নভেম্বর তার অবসরে যাওয়ার কথা ছিল ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "সেনাবাহিনী থেকে প্রেষণে আসা মেজর সামসুল হায়দারের বর্তমান চাকরিতে থাকার প্রয়োজন আছে বলে মনে করছে সরকার। এ জন্যই তার চাকরির মেয়াদ আরও একবছর বাড়ানো হয়েছে।"
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মেজর সামসুল হায়দারের চাকরির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেন। তবে সামসুল হায়দার ছিদ্দিকী মেয়াদ বাড়ানোর জন্য লিখিত কোনো আবেদন করেননি। সেনা সদর দপ্তর থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হলে শুধু তিনি মৌখিক সম্মতি দেন।
সামসুল হায়দার ছিদ্দিকী ২০০৫ সালের আগস্ট মাসে কারা উপ মহাপরিদর্শকের দায়িত্ব পান। চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর কারণে ২০০৮ সালের নভেম্বর মাসে তিনি অবসরে যাবেন।
এ বিষয়ে সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ৪ নভেম্বর অবসরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। আমার জায়গায় ঢাকার বাইরে থেকে একজনকে প্রাথমিকভাবে মনোনয়নও দেওয়া হয়েছিল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/২০২০ ঘ.
bdnews24