২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় বাবরের আত্মপক্ষ সমর্থন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় আত্মপক্ষ সমর্থন করে রোববার আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:03 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় আত্মপক্ষ সমর্থন করে রোববার আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন। পরে ঢাকা মহানগরীর ৯ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর আগামী ১৭ অক্টোবর মামলাটির যুক্তিতর্ক শুনানির তারিখ দেন। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে লুৎফুজ্জামান বাবর আদালতকে জানান, তিনি প্রকৃতপক্ষে তিনটি আগ্নেয়াস্ত্রের মালিক। গত ২৮ মে তার গুলশানের বাসা থেকে যৌথবাহিনী বৈধ অস্ত্রগুলো উদ্ধার করে। কিন্তু তাকে ফাঁসানোর জন্য বৈধ কাগজ ছাড়া আরেকটি অস্ত্র পাওয়ার কথা মামলায় বলা হয়েছে। বাবর এ সময় ১৬ কপি ছবি দাখিল করেন। সেগুলো তার বাসার সামনে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তোলা হয়েছে বলে বক্তব্যে জানানো হয়। ছবিগুলোতে বাবরের বাসায় অভিযানের সময় যৌথবাহিনীর আসা ও বের হয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে। যৌথবাহিনী গত ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘরে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে। এর মধ্যে একটি রিভলবার ও ২৫টি গুলির লাইসেন্স না থাকার অভিযোগ এনে পুলিশের উপ-পরিদর্শক হেলালউদ্দিন গুলশান থানায় বাবরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করেন। ২৩ জুন বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দেন উপ-পরিদর্শক কবির হোসেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৯০০ ঘ.