বেনাপোল, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশী তিন সন্ত্রাসীকে পুশব্যাক করেছে ভারত। অবৈধ অনুপ্রবেশের দায়ে এদের গ্রেপ্তারের পর রোববার বাংলাদেশে পাঠানো হয়। ভারত থেকে সন্ত্রাসী ফেরত পাঠানোর ঘটনা এটাই প্রথম। রাতে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
ভারতীয় কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট দিয়ে রোববার দুপুরে ওই তিন সন্ত্রাসীকে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পরিদর্শক আবুল বাশার।
এই তিন শীর্ষ সন্ত্রাসী হচ্ছে নারায়ণগঞ্জের মিয়াবাড়ি হোসেনপুরের সিরাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান তাজ ওরফে নাইমুল হাসান (২৯), টাঙ্গাইলের থানা পাড়ার আলমাসের ছেলে সোহেল ইব্রাহীম ও ঢাকার মহাখালীর আব্দুল হাকিমের ছেলে বিপ্লব ওরফে লম্বা সেলিম (৩৫)। এ তিনজনের মধ্যে হাবিবুর রহমান তাজ তার নাম বদলে ভারতে নাইমুল হাসান রেখেছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার জাহান সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের কর্মকর্তা স্বপন সাহা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিন সন্ত্রাসীকে বাংলাদেশী প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন।
১২ সদস্যর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিআইডির (ঢাকা মেট্রোপলিটন) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ।
আব্দুল্লাহ আরেফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ব্যক্তিগতভাবে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ তিন সন্ত্রাসীকে পুশব্যাক করিয়েছি। বাংলাদেশের ইতিহাসে ভারত থেতে কোনো সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনার ঘটনা এটাই প্রথম।"
এ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা ছিল বলে আব্দুল্লাহ আরেফ জানান।
আব্দুল্লাহ আরেফ জানান, গত ছয় মাসের মধ্যে বিভিন্ন সময়ে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তুলে দেয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও হয়।
তিনি বলেন, "এর পর পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে তারা পুশব্যাক করার কথা জানায়। এতে রাজি হলে গ্রেপ্তারকৃতদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরই এক প্রকার আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানো হলো।"
ফেরত পাঠানো তিন সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। তারা সবাই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এদের মধ্যে তাজ অন্যতম শীর্ষ। কাফরুলে কলেজছাত্র মোমিন হত্যা মামলার অভিযুক্ত মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকের ছত্রছায়ায় থেকে তাজ একের পর এক হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভারতে গ্রেপ্তার হওয়ার আগে সেখানে বসেই এ তিন জন বাংলাদেশের নানা ধরনের সন্ত্রাসী তৎপরতায় মদদ যোগাতো বলে সিআইডি কর্মকর্তা আব্দুল্লাহ আরেফ জানান।
আব্দুল্লাহ আরেফ জানান, দুপুরে হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সিআইডির দলটি রাত সাড়ে ৯টার দিকে তিন সন্ত্রাসীকে নিয়ে ঢাকায় নিয়ে এসেছে। সোমবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডে আনা হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/আরএ/এমআই/এমএ/১৮৪৮ঘ.
bdnews24