রাজশাহী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাগমারা উপজেলার জামগ্রামে অভিযান চালিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা আবদুল মজিদ বল্টু ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, বিপ্লব দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শনিবার রাতে সে জামগ্রামে তার ভগ্নিপতির বাড়িতে আসে। গোপন সূত্রে খবরটি পেয়েই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে বিপ্লবকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি সারোয়ার জানান।
বিপ্লব বাগমারার সেনপাড়া গ্রামের জনাব আলীর ছেলে।
মির্জা সারোয়ার জানান, বিপ্লব জাতীয় পার্টি নেতা আবুল হোসেন সরকার দুলু ও রেজাউন্নবী মনাক্কা হত্যা মামলার আসামি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৮ ঘ.
bdnews24