চাঁদপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালগামী লঞ্চ এমভি হাজমা খান থেকে শনিবার রাতে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মোয়াজ্জেম হোসেন জুয়েল (২৫), হাসান মোল্লা (৩০), জামাল হাওলাদার (২৫) ও ইলিয়াছ (২৪)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর নবী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পিরোজপুর জেলার মঠবাড়িয়ার গত বছর সংঘটিত একটি ডাকাতি মামলার ওই চার আসামি দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলো। শনিবার রাতে তারা চাঁদপুরে এসে লঞ্চটিতে ওঠে।
লঞ্চের বেশ কজন যাত্রী তাদের চিনে নৌ-পুলিশ ফাঁড়িকে জানালে লঞ্চটিকে মেঘনা নদী থেকে লঞ্চঘাটে ফিরিয়ে এনে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে ওসি নূর নবী জানান।
গ্রেপ্তারকৃতরা থানা হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৮ ঘ.
bdnews24