ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শনিবার রাজধানীর সড়কগুলো যেন স্থবির হয়ে আছে। যানবাহনগুলো ইঞ্জিনে একবার প্রবল গর্জন করে কিছুদূর এগোনোর পর আবার থেমে থাকছে দীর্ঘসময়। এভাবেই শাহবাগ থেকে ফার্মগেট আসতে অনেকেরই সময় লেগেছে ঘণ্টা দেড়েক।
সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাহাঙ্গীর গেটে ৩০ টন মালামাল নিয়ে একটি পাঁচটনী ট্রাক উল্টে গেলে বিপত্তির সৃষ্টি হয়। দুপুর সোয়া ১টার সময় উল্টে যাওয়া ট্রাকটি অবশেষে রাস্তা থেকে সরানো হয়। তার ওপরে আগুনমুখো সূর্যের দহন ভোগান্তি বাড়িয়ে দেয়। জনপরিবহনগুলোতে শুধু ঘামে ভেজা মানুষ আর তাদের অসহায় মুখচ্ছবি। নিয়মিত যানজট তার ওপর ঈদের বাজারমুখো ভিড়ের চাপে বিপন্ন এক পরিস্থিতি চারপাশে।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার আওলাদ হোসেন ফকির দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল আটটার দিকে প্রায় ৩০ টন মালামাল নিয়ে উত্তরার দিকে যাওয়ার সময় ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১৪ ২৩৯০) জাহাঙ্গীর গেটের কাছে উল্টে যায়। এসব মালামাল সরাতে বেশ সময় লাগছে। ইতোমধ্যে ট্রাকের অর্ধেক মালামাল অন্য দুটি ট্রাকে করে সরিয়ে নেয়া হয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, দুপুর সোয়া ১টার দিকে ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে রাস্তা পুরোপুরি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে পুরো রাজধানীতে রয়েছে থেমে থাকা গাড়ির সারি। জাহাঙ্গীর গেটের জ্যামের রেশ গিয়ে ঠেকেছে কাঁচপুর ব্রিজ কিংবা টঙ্গী ব্রিজ অব্দি। ঢাকা শহরের ভেতরের সড়কগুলো যানজটে অবরুদ্ধ থাকায় বাইরে থেকে নতুন করে গাড়ি ঢুকতে পারেনি। ফলে শহরের প্রবেশমুখ গুলোতেও ছিল জ্যাম। আর রাজধানীর ব্যস্ত এলাকা সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাড্ডা, গুলশান, বনানী, শাহবাগ, ফার্মগেট, আসাদগেট, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু করে গাবতলী পর্যন্ত রাস্তার দু'পাশেই ছিল হাজার হাজার যানবাহনের সারি।
ট্রাফিক পুলিশ সদস্যরা প্রথম দিকে অনেক দৌড়াদৌড়ি করলেও এক পর্যায়ে তাদেরও হাল ছেড়ে দিয়ে বসে থাকতে দেখা যায়। বাস-ট্যাক্সিগুলো থেকে নেমে হাঁটঁতে শুরু করে যাত্রীরা। গরমে ঘামতে ঘামতে ট্রাফিক পুলিশকে শাপশাপান্ত করতে দেখা যায় অনেক চালককে। এর মধ্যে সবচেয়ে ভোগান্তি ছিল রোগীবহনকারী এ্যাম্বুলেন্সগুলোর। রাস্তার দু'পাশ বন্ধ থাকায় বিকল্প কোনও পথে সেগুলোকে ঘুরিয়ে দিতে পারছিল না ট্রফিক সদস্যরা। দুপুর ১টার দিকে শেরাটনের সামনে হেয়ার রোডে একটি ভিআইপি গাড়ি ও একটি এ্যাম্বুলেন্স টানা ২০/২৫ মিনিট একযোগে সাইরেন বাজিয়ে শেষে থেমে যায়। ভিআইপি প্রোটোকল পুলিশ অনেক চেষ্টা করেও গাড়িটিকে বের করে নিয়ে যেতে পারেনি।
প্রবল জ্যামের কারণে রুট বদল করে অনেক বাস হেয়ার রোডে ঢুকিয়ে দিলেও লাভ হয়নি কোনো। মৎস্য ভবন থেকে শেরাটন মোড় পর্যন্ত দেড় ঘণ্টায় এসেছেন বাস চালক মজিদ মিয়া। তিনি মিরপুর-যাত্রাবাড়ী রুটের শতাব্দী পরিবহন কোম্পানির একটি বাস চালান। বাসটির নিয়মিত রুট শাহবাগ হয়ে হলেও যানজট থেকে একটু রক্ষা পেতে তিনি হেয়ার রোডে ঢুকিয়ে দিয়েছেন বাস। তিনি বললেন, "এখন যাত্রীরা উল্টো আমাকে গালি দিচ্ছে। তাদের ধারণা শাহবাগ হয়ে সোজা গেলে এতো জ্যামে পড়তে হতো না।" তিনি জানালেন জ্যামের কারণে তার বেশিরভাগ যাত্রীই নেমে হেঁটে চলে গেছে।
উত্তরা-মতিঝিল রোডের কলমিলতা বাসে শার্ট-গেঞ্জি খুলে খালি গায়ে বসেছিলেন কয়েকজন। তাদের একজন জুম্মন বললেন, "গরমে আর থাকতারছিনা বাই। সিএনজি গাড়ির ভিতরে যা গরম।"
দুপুর দেড়টার দিকে প্রেসক্লাব থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ ফটো সাংবাদিক কামরুজ্জামান জানান তিনি আধ ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে কোনো বাসে উঠতে পারছিলেন না।
রাজধানীর বিপনী বিতানগুলোর সামনে ঈদের কারণে এমনিতেই রয়েছে প্রচণ্ড জ্যাম। নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, কাকরাইল, মিরপুর রোড, ধানমণ্ডি, গুলশানের বিপনী বিতানগুলোর সামনে ক্রেতাদের গাড়ির চাপে সৃষ্টি হচ্ছে যানজট। যানজট নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক সদস্যদের সঙ্গে বিপনী বিতানগুলোর নিজস্ব নিরাপত্তা কর্মীরা কাজ করলেও কুলিয়ে উঠতে পারছে না কোনভাবেই। রাস্তার ওপর সারিবদ্ধভাবে গাড়ি পার্ক করিয়েও উন্নতি হচ্ছে না পরিস্থিতির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমকে/এমএ/১৫০৭ঘ.
bdnews24