২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

কেশবপুর উপজেলায় শনিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বিধান চন্দ্র দাশ (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 06:10 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

যশোর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কেশবপুর উপজেলায় শনিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বিধান চন্দ্র দাশ (৪০)। কেশবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থী দল মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বিধান দাশকে শুক্রবার উপজেলার গৌরিভুনা গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশের একটি দল। অস্ত্র উদ্ধারের জন্য রাত তিনটার দিকে কেদারপুর এলাকায় পৌঁছলে বিধানের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে বলে নাজমুল হোসেন জানান। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পুলিশ কর্মকর্তা নাজমুল জানান, গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বিধান। ঘটনাস্থল থেকে দুটি কাটা রাইফেল, ২ রাউন্ড গুলি ও ১০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে, গৌরিভুনা গ্রামের হরিপদ দাশের ছেলে বিধানের বিরুদ্ধে কেশবপুর থানায় তিনটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.