লক্ষ্মীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ফতেউল্যাপুর গ্রামে স্থানীয় ইটভাটার মালিক আবুল বাশার মওলানাকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইটভাটার মাটি কাটা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বৃহষ্পতিবার সকালে প্রতিপক্ষ দল বাশারকে কুপিয়ে মারাত্মক জথম করে। পরে শুক্রবার ভোররাতে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মান্নান ও ফাতেমা আক্তার আলেয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি নজরুল জানান।
এদিকে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪ জনের বিরুদ্ধে সদর থানায় শুক্রবার একটি হত্যা মামলা করেছেন নিহতের ভাই আফছার আলম।
নিহত বাশার যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কাজী ইকবাল হোসেনের ভাগ্নে। তার বাবার নাম নূরুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.
bdnews24