ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বুধবার একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
এরা হলেন তোপখানা রোডের মেহরাবা প্লাজার চতুর্থ তলার 'এয়ার লাইন্স ট্র্যাভেল এজেন্সি' ও 'শিখা ট্রেড ইন্টারন্যাশনাল' এর মালিক মোহাম্মদ আসাদুজ্জামান লিপু এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ।
শাহবাগ থানার উপ পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, মোহাম্মদ মাসুদ রুমি নামের এক ব্যক্তি বুধবার ওই দুইজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, আসাদুজ্জামান লিপু গত জানুয়ারি মাসে মালয়েশিয়া পাঠানোর নাম করে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোর এলাকার অর্ধশতাধিক যুবকের কাছ থেকে ২ লাখ টাকা করে নেন। ১ মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা থাকলেও লিপু তাদের ঘোরাতে থাকেন।
লিপুর প্রতারণার শিকার মেহেরপুরের আব্দুল জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বুধবার বিকেলে আমার আত্মীয় মাসুদ রুমীকে নিয়ে এয়ার লাইন্স ট্রাভেল এজেন্সি ও শিখা ট্রেড ইন্টারন্যাশনালের কার্যালয়ে যাই। কিন্তু লিপু ও মাসুদ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে তারা আমাকে মারধরও করে। এ সময় মাসুদ রুমীও তাদের হাতে লাঞ্ছিত হন। "
জলিল বলেন, "পরে মাসুদ রুমী শাহবাগ থানায় গিয়ে মামলা করলে পুলিশ লিপু ও মাসুদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।"
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, উপ পরিদর্শক বাবুল ভূঁইয়াকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাবুল ভূঁইয়া রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে ওই দুইজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/০০৩৪ ঘ.
bdnews24