ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ভাতার দাবিতে ৫ অক্টোবর থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেছে যায়যায়দিনের সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীরা।
বুধবার যায়যায়দিন অফিসে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বুধবার থেকেই প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে দু' ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। ৫ অক্টোবরের মধ্যে সব বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা হলে ওই দিন থেকেই পূর্ণ কর্মবিরতি শুরু হবে।
বুধবার রাত সাড়ে ৮টায় এ ব্যাপারে যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না। লেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই কিছু বলতেও পারছি না।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, "কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগস্ট মাসের বেতন পরিশোধের কথা ছিল। তা কার্যকর না হওয়ায় এবং সেপ্টেম্বর মাসের বেতনসহ উৎসবভাতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বুধবার এ বৈঠকের আয়োজন করা হয়।"
যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। বাধ্য হয়ে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছে। আমারা আশাবাদী সমস্যার সমাধান হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২২০৮ ঘ.
bdnews24