২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা দূর করার উদ্যোগ নিতে সরকারের প্রতি ব্যবসায়ীদের আহ্বান

ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান ভয়-ভীতি কাটিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে উত্তরাঞ্চলের ১০ জেলার চেম্বার নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বগুড়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান ভয়-ভীতি কাটিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে উত্তরাঞ্চলের ১০ জেলার চেম্বার নেতারা। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বগুড়ায় এক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান। সভার প্রধান অতিথি বাণিজ্য সচিব ফিরোজ আহমদ ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, "দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে ব্যবসায়ীদের শঙ্কিত না হবার কোনো কারণ নেই। কেননা এতে কোনো সৎ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হচ্ছে না।" বৃহত্তর বগুড়া, রংপুর ও দিনাজপুরের ১০ জেলার ব্যবসায়ী নেতারাসহ সরকারি ও যৌথবাহিনীর কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান ভয়-ভীতি কাটাতে এ ধরনের সভার আযোজন করা হয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্য সচিব। ব্যবসায়ীরা পণ্যের মজুদ বাণিজ্য উদারীকরণ, জেলায় জেলায় মোবাইল কোর্ট ও ব্যাংকের হয়রানি বন্ধ করার দাবি জানিয়ে বলেন, এসব ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে বিনিয়োগকারীদের ভয় কাটছে না। তারা সরকারকে বাজার নিয়ন্ত্রণ নীতি থেকে বিশেষত মধ্যস্বত্ত্বভোগীদেরকে ব্যবসা-বাণিজ্য থেকে দূরে সরিয়ে না রাখার অনুরোধও জানান। সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহা-পরিচালক মো. দিদারুল আহসান ব্যবসায়ীদের অযথা ভয়-ভীতি নিয়ে বসে না থাকার আহ্বান জানিয়ে বলেন, "অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হাত গুটিয়ে বসে শুধু অবস্থা পর্যবেক্ষণ করেছেন, এটা অর্থনীতির জন্য ভালো লক্ষণ নয়।" ব্যবসায়ীদের স্বার্থে বিজনেস রেগুলেটারি কমিশন ও বেটার বিজনেস ফোরাম গঠনসহ সরকারের পক্ষ থেকে নানা ইতিবাচক পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে বলেন, "সরকার কখনোই সরাসরি বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ব্যবসায়ীরাই মূল ভূমিকা রাখতে পারে।" সভায় বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের পক্ষ থেকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ব্যাংক ঋণের সুদ কমানো, ট্রাক বন্দোবস্তকারী সমিতির অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ, হাট-বাজার ও বন্দর এলাকার অতিরিক্ত টোল আদায় এবং চাঁদাবাজি বন্ধ করাসহ ৮ দফা সুপারিশ উত্থাপন করা হয়। রংপুর ও দিনাজপুর অঞ্চলের ব্যবসায়ী নেতারা পণ্য পরিবহন সহজ করার জন্য বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেল লাইন স্থাপন এবং টোলের বিনিময়ে ব্যবহারের উপযোগী বিকল্প মহাসড়ক নির্মাণের দাবি জানান। রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হুমায়ূন কবির, বগুড়ায় যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪০ ঘ.