২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের ভীতি কাটাতে 'ট্রুথ কমিশন' করবে সরকার

দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ চাঙা রাখতে এবং ব্যবসায়ীদের ভীতি দূর করতে একটি 'ট্রুথ কমিশন' গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 'প্লি বার্গেইন অ্যাক্ট' বা স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারীদের দন্ডহ্রাস বিষয়ক আইন প্রণয়নের কাজও শুরু হয়েছে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2007, 11:17 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ চাঙা রাখতে এবং ব্যবসায়ীদের ভীতি দূর করতে একটি 'ট্রুথ কমিশন' গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 'প্লি বার্গেইন অ্যাক্ট' বা স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারীদের দন্ডহ্রাস বিষয়ক আইন প্রণয়নের কাজও শুরু হয়েছে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, "সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কারণে ব্যবসায়ীদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড শিথিল হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে সরকার অচল হয়ে পড়বে। অসৎ পন্থা অবলম্বনকারী ব্যবসায়ীরা যাতে স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে বিচার এড়াতে পারেন এজন্যই সরকার এ উদ্যোগ নিয়েছে।" মইনুল হোসেন জানান, ব্যবসায়ীরা স্বেচ্ছায় ট্রুথ কমিশনের কাছে গিয়ে তাদের অপরাধ স্বীকার করতে পারবেন। কমিশন তাদের এ স্বীকারোক্তি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনে জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এক্ষেত্রে মামলা পরিচালনায় দীর্ঘসূত্রতা ও অনাবশ্যক আর্থিক ব্যয় এড়ানো যাবে। ট্রুথ কমিশন গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, "অনেকেই রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে ইচ্ছার বিরুদ্ধে দুর্নীতি করেছে। তাই রাষ্ট্রীয় ব্যবস্থাকে সৎ করার কথা ভাবা হচ্ছে। এ ব্যবস্থা চালু হলে ব্যবসায়ীদের আর অসৎ হওয়ার সুযোগ থাকবে না।" ব্যবসায়ীদের ছাড় দেওয়া এবং রাজনীতিকদের বিচার করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশের স্বার্থেই ব্যবসায়ীদের ছাড় দেওয়া হচ্ছে। অপরদিকে রাষ্ট্র ব্যবস্থা সৎ করার জন্য দেশের স্বার্থেই রাজনীতিকদের বিচার করা হচ্ছে। এতে কোনো দ্বৈত নীতির প্রশ্ন ওঠে না।" রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যাপারে সরকার কী ভাবছে- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে উপদেষ্টা মইনুল বলেন, "এ ব্যাপারে এখনও পরিকল্পনা নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে ভাবা হবে- কে কতটুকু রাজনীতিক আর কতটুকু ব্যবসায়ী।" ট্রুথ কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা শুধু বলেন, এক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব নেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/এসকে/১৭০৭ঘ.