ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি'র সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনার বিরুদ্ধে দুদক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুর ২ টায় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিদর্শক নাসির উদ্দিন আহমেদ এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়, চলতি বছরের ২৫ ফেব্র"য়ারি পিন্টু প্রতিনিধির মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে হিসাব বিবরণী দাখিল করেন। ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত পিন্টু ১০ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ১৩৯ টাকার সম্পদের হিসাব ঘোষণা করলেও দুদকের হিসাব বিবরণীতে পিন্টু নিজের সম্পদের পরিমাণ ১০ কোটি ৬১ লাখ ৬ হাজার ৮৮৯ টাকা দেখান।
দুদক তদন্ত করে পিন্টুর ৮ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ২২ টাকার সম্পদের হিসাবের ব্যাখ্যা পায়। সে অনুযায়ী পিন্টুর ২ কোটি ৩ লাখ ৭২ হাজার ১১৭ টাকা জ্ঞাত আয় বহির্ভুত উৎস থেকে অর্জিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
তদন্তে দুদক পিন্টুর আরো ১৪ কোটি ৪৫ লাখ ১৭১ টাকা ১৫ পয়সার সম্পদ খুঁজে পায়।
পিন্টু তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনার ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৯৮৭ টাকার হিসাব দুদকে দাখিল করলেও দুদক তদন্ত করে কল্পনার ৩ কোটি ২৭ লাখ ১৮ হাজার ১২০ টাকার সম্পদ খুঁজে পায়।
অভিযোগপত্রে ৬১ জনকে সাক্ষী দেখানো হয়েছে। চলতি বছরের ১৩ জুন দুদকের সহকারি পরিচালক মো. নূরুল আলম হাজারীবাগ থানায় এ মামলা করেন।
মঙ্গলবার মহানগর হাকিম মিজানুর রহমান অভিযোগপত্রটি 'দেখিলাম' স্বাক্ষর করেন। অভিযোগপত্রটি বুধবার গ্রহণ করার জন্য ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএ/ ১৬৫০ ঘ.
bdnews24