ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৮ টি সরকারি বাড়ি বিনা দরপত্রে বিক্রি করে দেওয়ার অভিযোগে করা মামলায় দুজন সচিব ও রাজউকের এক কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করা সাবেক এক সচিবকেও কারাগারে পাঠানো হয়।
সোমবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক গৃহায়ন ও পূর্ত সচিব, বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এস এম জাফরউল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম, রাজউকের সাবেক পরিচালক (এস্টেট) ও বর্তমানে সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম নবী ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক মো. আজিজুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে অভিযুক্তদের কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার জন্য বিচারক কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
একই মামলার পলাতক ১০ আসামির গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন পুলিশ আদালতে দাখিল করে। বিচারক তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
এই ১০ জন হচ্ছেন, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আনটেক্স গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হাসনা আহাম্মদ, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, রাজউকের সাবেক প্রকৌশলী এমদাদুল ইসলাম, এমঅ্যান্ডএন কোম্পানির চেয়ারম্যান নিউ জে মেন্ডেস, এডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, গণপূর্ত ও রক্ষণাবেক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহম্মদ, মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণ, রাজউকের সাবেক সচিব মীর মোশারফ হোসেন ও সাবেক সাংসদ কাজী আনোয়ার হোসেন।
বিচারক আগামী ৪ অক্টোবর এ ১০ আসামির সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস ও রাজউকের পরিচালক (অর্থ) হুমায়ুন খান এ মামলায় আগে থেকেই কারাগারে আছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবার জানিয়েছে, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ মামলার বাকী নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন সোমবার দাখিল করা হয়নি।
ঢাকা মহানগর সিনিয়র জজ আদালতের পেশকার শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন আবার ধার্য করা হয়েছে আগামী ৪ অক্টোবর।
গত ২৯ মার্চ মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. শফিউল আলম মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে গত ২০ সেপ্টেম্বর পৃথক ১৫ টি অভিযোগপত্রে মোট ২৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৫ সেপ্টেম্বর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল।
মামলার অভিযোগে বলা হয়, মির্জা আব্বাসসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ও বর্তমান কর্মকর্তারা পরস্পর যোগসাজশের মাধ্যমে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী ও নিউ ইস্কাটন এলাকার ১৮টি পরিত্যক্ত বাড়ি বিনা দরপত্রে বিক্রি করেছেন। প্রকৃত বাজার দরের চেয়ে অস্বাভাবিক কম দামে এসব বাড়ি বিক্রি করা হয়। তাদের এ দুর্নীতির ফলে রাষ্ট্রের মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/এমএসবি/এমএইচবি/২১০৬ ঘ.
bdnews24