২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী ঠেকাতে থাকবে ভ্রাম্যমাণ আদালত

ঈদে নৌ দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সদরঘাটসহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদে নৌ দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সদরঘাটসহ বিভিন্ন লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। সোমবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে সভায় পুলিশ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), লঞ্চ মালিক সমিতিসহ বিভিন্ন জেলার প্রশাসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "অতীতে অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা পড়ে ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। এবার যেন এ রকম না হয়, সেজন্য ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও গোয়েন্দা পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।" তিনি জানান, ঈদের আগে ও পরে সাতদিন পর্যন্ত এসব সংস্থা সক্রিয় থাকবে। এছাড়া উদ্ধারকারী জাহাজ 'রুস্তম' ও 'হামজা'কে রাখা হবে সার্বক্ষণিক সতর্কতায়। টিকিটের কালোবাজারি রোধে পুলিশ বিশেষ অভিযান চালাবে। নৌ চলাচল যাত্রী পরিবহন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাবু সাংবাদিকদের বলেন, " ঈদে ঘরমুখো যাত্রীর ভিড় লঞ্চ কর্মচারিদের পক্ষে সামলানো সম্ভব নয়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত ও পুলিশি হস্তক্ষেপ প্রয়োজন।" তিনি এবারের ঈদে ডেক যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়ার আশ্বাস দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/এসএনডি/১৬১০ ঘ.