ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালদ্বীপে গত রোববারের বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে কিছু জানে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালদ্বীপে কোনো বাংলাদেশীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমার জানা নেই।"
মালদ্বীপে গত রোববারের বোমা বিস্ফোরণে ১২ বিদেশি পর্যটক আহত হন। এর একদিন বাদেই দেশটির পর্যটনমন্ত্রী মাহমুদ সাউগি সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজন বাংলাদেশী নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি তিনি।
বোমা বিস্ফোরণের পরপরই মালেতে বাংলাদেশ দূতাবাস এক ফ্যাক্সবার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনাটি জানায়।
বোমা হামলার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম এরই মধ্যে সে দেশের বিরোধী দলগুলোকে দায়ী করেছেন। বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে সেখানকার বিরোধী দলসহ দক্ষিণপন্থী গ্র"পগুলো কিছুদিন আগে পর্যটন ব্যবস্থাকে বয়কটের ঘোষণা দেয়।
প্রসঙ্গত মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে পর্যটন খাত এবং দেশটিতে পর্যটকদের ওপর হামলার ঘটনা বিরল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/ এমএ/১৬৫৯ঘ.
bdnews24