২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সভানেত্রীর সহকারি একান্ত সচিবসহ ৩ জনকে আটক

যৌথবাহিনীর সদস্যরা বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব আওলাদ হোসেনসহ তিনজনকে আটক করেছে বলে দলীয় সূত্র দাবি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 11:22 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

আটক অপর দুজন হলেন আওয়ামী লীগের কানাডা শাখার সভাপতি সারোয়ার হোসেন এবং সুধা সদনের কর্মচারী মাহমুদ বাবুল।      

আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদন থেকে বের হওয়ার পর ধানমণ্ডি ৬ নং সড়কের মাথা থেকে রাত পৌনে নয়টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বলে দলীয় সূত্র জানায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের কোন থানায় হস্তান্তর করা হয়নি।

এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক (আইএসপিআর) লেফটেনেন্ট কর্নেল আনিসুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নফহবংি২৪.পড়স কে বলেন, “এ ধরনের কোন তথ্য আমার জানা নেই।” তিনি স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহনূর মিয়ার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পরে শাহনূর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে কোন কিছু জানাতে পারেননি।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম--সচিব (রাজনৈতিক) মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে পারেননি।