এরশাদের ২টি দুর্নীতি মামলার বিচার কাজ আবারও পেছালো
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে ই এন জি ক্রয় ও টেলি যোগাযোগ সংক্রান্ত দুটি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আবারও ঝুলে গেছে। সোমবার ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে মামলা দুটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী আসেনি, হাজিরা দেননি এরশাদ নিজেও।
এরশাদের পক্ষে সময় আবেদন মঞ্জুর করে বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন আগামী ২৫ ফেব্র“য়ারি মামলা দুটির বিচারের পরবর্তী তারিখ ধার্য করেছেন। একইসঙ্গে এ দুই মামলার কয়েকজন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
এ নিয়ে এরশাদ এ দুই মামলায় একই বিচারকের কাছে চতুর্থবারের মতো হাজিরার জন্য সময় নিলেন।
ই এন জি মামলায় বলা হয়েছে, ক্ষমতায় থাকার সময় এরশাদ ও রওশন এরশাদের বিভিন্ন কর্মকাণ্ড দ্রুত ধারণ ও প্রচারের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৯৩ লাখ টাকার ইলেকট্রনিক খবর সংগ্রহের যন্ত্রপাতি কেনা হয়।
টেলিযোগাযোগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বলা হয়েছে, এরশাদ ও অপর কয়েকজন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৮৯টি উপজেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালুর জন্য একটি ফরাসি কোম্পানির সঙ্গে চুক্তি করেন। এর মাধ্যমে তারা রাষ্ট্রের ওপর ২৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৩১১ টাকার ঋণের বোঝা ও ৭১ লাখ ৫৬ হাজার ৬৮২ টাকা সুদের বোঝা চাপিয়েছেন।
ই এন জি মামলাটি ১৯৯২ সালের ২৯ ফেব্র“য়ারি তারিখে তেজগাঁ থানায় দায়ের করেন দুর্নীতি দমন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মতুর্জা। এরপর ১৯৯৫ সালে প্রসিকিউটিং দুর্নীতি দমন কর্মকর্তা উপেন্দ্র চন্দ্র রায় টেলিযোগাযোগ সংক্রান্ত মামলাটি দায়ের করেন।
