ঢাকার শেয়ার বাজার ঊর্ধ্বমুখী
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও শেয়ার কেনাবেচার হার ছিল ঊর্ধ্বমুখী। বিদ্যুৎ কোম্পানি, বিভিন্ন ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজার ছিল চাঙ্গা।
সোমবার বেলা ১২টা ২৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৪ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৮১ দশমিক শূন্য ৮ পয়েন্টে। রোববার তা ছিল ১৭৫৬ দশমিক ৫৩ পয়েন্ট।
সার্বিক মূল্যসূচক ১৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪২১ দশমিক ৯২ পয়েন্টে।
ওই সময় পর্যন্ত ৭১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। তবে সারাদিনে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয় রোববার। এদিন ১১০ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের শেয়ার বিক্রি হয় যা বাংলাদেশের ইতিহাসে সর্Ÿোচ্চ।
সোমবার দুপুর পর্যন্ত রাষ্ট্রনিয়ন্ত্রিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শেয়ারের লেনদেনের হার ছিল সবচেয়ে বেশি। এর সাত কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ারের লেনদেন হয়। এরপরেই ছিল সাউথইস্ট ব্যাংক ও ডেসকো।
পিজিসিবির শেয়ারের দাম রোববার ২৯৯ টাকা হলেও সোমবার দুপুর নাগাদ তা দাঁড়ায় ৩০৮ টাকায়। তবে সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩৮৮ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয় ৩৮৮ টাকা। এছাড়া ডেসকোর শেয়ারের দাম সাত টাকা ২৫ পয়সা বেড়ে হয় ৪৬৭ টাকা ৫০ পয়সা।
লেনদেনের তালিকার শীর্ষে আরো ছিল বেক্সিমকো ফার্মা, গ্রামীণ১ মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, সামিট পাওয়ার ও এইমস প্রথম মিউচুয়াল ফান্ড। এদের সবার শেয়ারের দাম আগেরদিনের তুলনায় বাড়ে।
দুপুর নাগাদ ডিএসইতে লেনদেনকৃত শেয়ারের মধ্যে ১৩৬টির দাম বাড়ে, ৪০টির কমে ও ১৫টির দাম ছিল অপরিবর্তিত।
এছাড়া, ডিএসই--২০ এর তালিকাভুক্ত শেয়ারগুলোর মধ্যে ১৪টির দাম বাড়ে, চারটির কমে ও দুটির দাম ছিল অপরিবর্তিত।
