২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সংকটের জন্য দায়ীদের শাস্তি দেবে সরকার

সার সংকটের জন্য দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, এসব অসাধু ব্যবসায়ীকে চিহ্নিত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, “দেশে সার সংকট আছে কিন্তু তা প্রকট নয়। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। তাছাড়া অবরোধের কারণে বিভিন্ন জেলায় সার পৌঁছানো সম্ভব হয়নি। এমনকি বন্দর থেকে সার নামানো যায়নি। এই সুযোগে ব্যবসায়ীরা সার মজুদ করে এই কৃত্রিম সংকটের সৃষ্টি করেছে।”

তিনি বলেন, “কোনভাবেই সার মজুদ করা যাবে না।”

এ ছাড়া কারখানাগুলোকে সার সরবরাহ অব্যাহত রাখা এবং সার পাচার বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনে ২৪ ঘন্টা কাজ করার নির্দেশ দেন তিনি।  

নফহবংি২৪.পড়স এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, প্রশাসন থেকে ডিলারদের সরবরাহ করা সার প্রকৃত কৃষকদের না দিয়ে বিক্রি করা হচ্ছে কালোবাজারে। কিন্তু এই পরিমাণও চাহিদার তুলনায় সামান্য হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। কোথাও কোথাও এর দাম আকাশছোঁয়া।

সরকার প্রতি বস্তার সর্বোচ্চ মুল্য ২৯০ টাকা নির্ধারণ করে দিলেও কৃষকরা ৩৮০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও বস্তাপ্রতি ৫৫০ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন প্রতিনিধিরা। 

অথচ বিসিআইসির তথ্য মতে, বিসিআইসি দেশে তৈরি সার বস্তাপ্রতি ২৪০ টাকা দরে ও আমদানি করা সার বস্তাপ্রতি ২৬৫টাকা দরে ডিলারদের কাছে বিক্রি করেছে।

নফহবংি২৪.পড়স এর অনুসন্ধানে জানা গেছে, জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসে ইরি-- বোরো ও রবিশস্য চাষের মৌসুমে দেশে সারের চাহিদা প্রায় সাত লাখ টন।

বিসিআইসির হিসাব অনুযায়ী, ইউরিয়া সারের চাহিদা এখন বছরে প্রায় ৩০ লাখ টনে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রতি বছর ফসলি জমির উর্বরতা কমে যাওয়ায় সারের চাহিদা বছরে এক লাখ টন করে বাড়ছে।

কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, যমুনা সার কারখানায় প্রায় ৫ লাখ টনসহ দেশের ছয়টি ইউরিয়া সার কারখানায় ১৭ লাখ টন সার উৎপন্ন হয়েছে।

চাহিদা মেটানোর জন্য এ বছর ১২ লাখ টন ইউরিয়া আমদানি করা হলেও ন্যায্য মুল্যে কৃষকরা সার পাচ্ছেন না বলে স্বীকার করেন তিনি।

সারাদেশে অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ডিলারদের চাহিদা অনুযায়ীই সার সরবরাহ করা হয়েছে। কিন্তু চাহিদার মৌসুম বুঝে ডিলারদের একটি চক্র সার গুদামজাত করে এ কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারপরে বিক্রয়মুল্য বাড়িয়ে দিয়ে সংকটকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।”

এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত সারের গুণগত মান ভাল হওয়ায় এ সার বিদেশে পাচার হচ্ছে স্বীকার করে তিনি বলেন, “অন্যদিকে দেশজুড়ে সারের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে এ সংকটকে পূঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দেশে ভেজাল সার আমদানি করছে।”

তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এ ভেজাল সার আমদানির সঙ্গে জড়িত রয়েছেন।