২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়ি নৌ--বন্দর থেকে ইউরিয়া সার সরবরাহ শুরু

উত্তরাঞ্চলের বৃহত্তম নৌ-- বন্দর বাঘাবাড়ি ঘাট থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সেনাবাহিনী ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ তৎপরতায় বুধবার থেকে উত্তরাঞ্চলের ১৩টি বাফার গুদামে সরবরাহ করা শুরু হয়েছে। কৃত্রিম সার সংকটের জন্য এই পরিমাণ সার অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 03:02 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বন্দর ও বিসিআইসি, বগুড়া আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-- বোরো মৌসুমে উত্তরাঞ্চলের কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সাড়ে তিন লাখ মে. টন ইউরিয়া সারের আড়াই লাখ টন সরবরাহ হয় বাঘাবাড়ি বন্দর থেকে। গত নভেম্বর মাস থেকে বাঘাবাড়ি বন্দরের কৃত্রিম সংকট সৃষ্টিকারী একটি সার সিন্ডিকেট অতিরিক্ত মুনাফা লাভের আশায় পরিবহন সমস্যার অজুহাত দেখিয়ে বন্দর কর্মকর্তা, পরিবহন ঠিকাদার ও বিসিআইসির এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজসে উক্ত ৬০ হাজার মে. টন ইউরিয়া সার বন্দরে আটকে রাখে।

সম্প্রতি বাঘাবাড়ীতে সার মজুদ রাখা নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ পাওয়ায় স্থানীয় প্রশাসনের টনক নড়ে এবং সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়। আর এরই ফলশ্র“তিতে বুধ ও বৃহস্পতিবার সেনাবাহিনী ও স্থানীয় জেলা প্রশাসন বাঘাবাড়ি বন্দর পরিদর্শন করে বন্দর কর্তৃপক্ষ, সরবরাহ ঠিকাদার ও বিসিআইসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ-- আলোচনা করে জরুরি ভিত্তিতে উত্তরাঞ্চলের ১৩টি বাফার গুদামে সার সরবরাহের জন্য বাস্তব উদ্যোগ নেন। গত দুদিনে প্রায় ৫ শ ট্রাক মাল লোড দেওয়ারও ব্যবস্থা করেন তারা।

এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জেলা প্রশাসন টিমের এনডিসি মো. মাহবুবুর রহমান পাটওয়ারী বলেন, “বাঘাবাড়িতে দীর্ঘদিন ধরে সার পড়ে থাকার বিষয়টি খুবই হতাশাজনক। আগামী ৪/৫ দিনের মধ্যে বন্দরের সমুদয় সার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে আশা করছি।”

বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্বিগুণ ভাড়া দিয়েও ট্রাক ভাড়া পাওয়া যায়নি।

বিসিআইসি বগুড়া আঞ্চলিক অফিসের অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন বাফার গুদামে যথেষ্ট পরিমাণ সার মজুদ আছে। তাই সংকটের কোনো সম্ভাবনা নেই। পরিবহন ডিলাররা ট্রাক স্বল্পতার কারণে মালামাল পৌঁছাতে পারছে না।

পরিদর্শনরত টিমের নেতা মেজর দিদার এ প্রতিনিধিকে বলেন, “অসৎ উদ্দেশে একটি চক্র দীর্ঘদিন ধরে এ সার বাঘাবাড়ি বন্দরে আটকে রেখেছে। মজুদ বেশিদিন থাকলে সংকট সৃষ্টি হবে। আর এ সিন্ডিকেট বেশি লাভ করতে পারবে। তাই জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে গত দুদিনে আমরা প্রায় ৫০০ ট্রাকের ব্যবস্থা করতে পেরেছি। আগামী ৪/৫ দিনের মধ্যেই এর সুষ্ঠু সমাধান হবে।”

জেলা প্রশাসক মো. ইব্রাহীম খলিলের সঙ্গে সারের মজুদ রাখার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া কিছু বলতে অস্বীকৃতি জানান।