২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোট সরকারের নিযুক্ত ৩০০ কর্মকর্তা নির্বাচন কমিশন পুনর্গঠনের আওতায় পড়বে’

নির্বাচন কমিশন পুনর্গঠনের সময় বিএনপি--জামায়াত জোট সরকারের নিযুক্ত ৩০০ কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখবে সরকার। গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ দীপু ও এহসানুল হক বাবু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কমিশন পুনর্গঠনসহ নতুন একটি প্রস্তাবনা চূড়ান্ত করেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার।

গত সরকারের সময় নিয়োগ পাওয়া ৩০০ নির্বাচনী কর্মকর্তা প্রসঙ্গে বৃহস্পতিবার শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, “এই বিষয়টা নির্বাচন কমিশন পুর্নগঠনের আওতায় পড়বে।”

রাজনৈতিক দলের কাছে উপস্থাপনের জন্য প্রস্তাব সম্পর্কে গীতিআরা বলেন, “নতুন এই প্রস্তাবনায় ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের তৈরি করা গুচ্ছ প্রস্তাবের গুরুত্বপূর্ণ কিছুৃ অংশ অন্তর্ভুক্ত করা হতে পারে।”

গীতিআরা বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার আমরা তাই করবো। তিনি বলেন, “নির্বাচন কমিশনকে পুর্নগঠন করার দাবি সবার। আমরা এটা জানি। তবে এর সঙ্গে সাংবিধানিক একটিা বিষয় রয়েছে।” এটা নিয়ে আইন উপদেষ্টা কাজ করে যাচ্ছেন বলে জানান গীতিআরা চৌধুরী।

অতীতে তৈরি করা নির্বাচন কমিশনের ভোটার পরিচয়পত্রের একটি রিপোর্ট গীতিআরা সাফিয়া চৌধুরী পেয়েছেন বলে জানান। তিনি বলেন, “এই রিপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ভোটার পরিচয়পত্র এবং ভোটার তালিকা কতটা কম সময়ে করা যায় তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে।”

নির্বাচনের বিষয়গুলোতে রাজনৈতিক দল এবং দেশের জনগণের দাবি রয়েছে। এক্ষেত্রে কাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রাধান্য পাবে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই জনগণের দাবি আমাদের কাছে প্রাধান্য পাবে। জনগণের জন্যই আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছি।”

উপদেষ্টাদের সম্পদের হিসাব সরকারের কাছে জমা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে শিল্প, বস্ত্র ও পাট, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা করছি। ১১ জন মিলে সিদ্ধান্ত নিলে অবশ্যই সম্পত্তির হিসাব দেওয়া হবে।”

এর আগে বেলা পৌনে ১২টার দিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর সঙ্গে তার মন্ত্রনালয়ে সাক্ষাৎ করেন। গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, “নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। ফসকেট এ সময় অব্যাহত বর্তমান সহযোগিতা ছাড়াও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”