২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত'

ভারতের নব নিযুক্ত রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত আশা করে একটি সুষ্ঠু ভোটার তালিকা দিয়ে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার রাতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সুধাসদন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত একথা বলেন। 

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ  ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নতুন এসেছি। হাই কমিশনারের দায়িত্ব হিসেবে সবার সঙ্গেই দেখা করছি। তার অংশ হিসেবেই শেখ হাসিনার সঙ্গে দেখা করলাম।”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে যা হচ্ছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভারত পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি একটি সুষ্ঠু ভোটার তালিকার দিয়ে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”

দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমরা চাই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হোক। আমাদের প্রধানমন্ত্রী সবসময় এটা চেয়ে এসেছেন।”

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, নতুন হাই কমিশনার হিসেবে দ্বি--পাক্ষিক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে দুই দেশের মধ্যে স্থল বন্দরগুলো দিয়ে বাণিজ্য আরও বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। দুই দেশের মধ্যে সমস্যা থাকলে আলোচনার  ভিত্তিতে সমাধান করবো।