সারাদেশে যৌথ অভিযানে ১৮৭২ জন গ্রেপ্তার, ৩৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা সারাদেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ৩৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্যরা সারাদেশ থেকে ৪৬ জনকে গ্রেপ্তার এবং আটটি আগ্নেয়াস্ত্র ও ৬৩৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। তাদের মধ্যে ৪৩ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এবং বাকি তিনজনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে একই সময়ে পুলিশ ও র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সারাদেশ থেকে ২৭ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি অন্যান্য অস্ত্র ও ৭২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে চারটি রিভলবার, ১৪টি বন্দুক, চারটি শাটারগান, দুটি এলজি, একটি এয়ারগান, একটি পাইপগান এবং একটি রাইফেল।
এ ছাড়া অভিযান চলাকালে পুলিশ ও র্যাব সদস্যরা সারাদেশ থেকে মোট ১ হাজার ৮১৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২৪ জন সাজাপ্রাপ্ত আসামী, ১ হাজার ২০ জন পরোয়ানাভূক্ত আসামী এবং বিভিন্ন মামলার আসামী রয়েছে ৭৫৯ জন।
এদিকে দেশব্যাপী মোটর সাইকেল তল্লাশি অভিযানের অংশ হিসেবে একই সময়ে ১৬৫ টি রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটর সাইকেল আটক এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
