২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে আসছে অমর একুশে বইমেলা

রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তার কালো মেঘ সরে যাওয়ার মধ্যে বাঙালির জীবনে এগিয়ে আসছে অমর একুশে বই মেলা। চিরায়ত নিয়ম মেনে আগামী ১ ফেব্র“য়ারি শুরু হতে যাওয়া মেলার সিংহভাগ কাজই প্রায় শেষ হয়ে এসেছে। কোন তত্ত্বাবধায়ক সরকার আমলে এটাই প্রথম একুশের বইমেলা। বিস্তারিত জানাচ্ছেন আনিকা ফারজানা :

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 07:53 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মেলা কর্তৃপক্ষ বলেছে, কোনো প্রকার দলীয় প্রভাব ছাড়াই তারা এবার ষ্টল বরাদ্দের কাজ শেষ করেছে। তবে মেলা কে উদ্বোধন করবেন তা এখনও ঠিক হয়নি।

এবারের মেলার নতুন অনুষঙ্গ হবে ভাষা শহীদদের ভাস্কর্য।  মেলার পুস্তক বিক্রয় কেন্দ্রের সামনে শহীদ আবদুস সালাম, আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার ও শফিউর রহমানের আবক্ষ ব্রোঞ্জ মূর্তি স্থাপনের কাজও প্রায় শেষ। 

মেলার প্রস্তুতি সম্পর্কে একাডেমীর সহ-- পরিচালক মুর্শিদ আনোয়ার বলেন, প্রস্তুতি চলছে পুর্নোদ্যমে। ইতিমধ্যে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।

নীতিমালা পুরোপুরি মেনে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অন্যবারের মতো মেলায় এবার কোন ধরনের কোনো বিরূপ প্রভাব বা দলীয় চাপ নেই। মেলায় ৪০০ ষ্টলের জন্য ৩৬০টি প্রকাশনা সংস্থা আবেদন করেছিল। লটারির মাধ্যমে ২০৮টি সংস্থা বরাদ্দ দেওয়া হয়েছে।”

মুর্শিদ আনোয়ার আরো জানান, ২০ হাজার টাকা দরে তিন ইউনিটের ১৯টি স্টল, ১০ হাজার টাকা দরে দুই ইউনিটের ১০৪টি এবং ৫ হাজার টাকা দরে এক ইউনিটের ৮৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৫০টি স্টল সরকারি, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে।

বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি ও মেলা ষ্ট্যান্ডিং কমিটির সদস্য তাজুল ইসলামও জানান, “অন্যান্যবারের মতো এবার স্টল বরাদ্দের ক্ষেত্রে কোন অনিয়ম হয়নি।”

মেলার সার্বিক খরচ প্রসঙ্গে একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান বলেন, “এ পর্যন্ত মোট ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। পৃষ্টপোষকতা করার প্রস্তাবও পাওয়া গেছে অনেক। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”  

প্রসঙ্গত, গত বছরের মেলা আয়োজনে ব্যয় হয় ২৬ লাখ ৫০ হাজার টাকা, ২০০৫ সালে ৩১ লাখ টাকা এবং ২০০৪ সালে ২৪ লাখ টাকা।

মেলা কে উদ্বোধন করবেন সে প্রসঙ্গে একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান বলেন, “সাধারণত সরকার প্রধান মেলার উদ্বোধন করেন। সে রেওয়াজ অনুযায়ী প্রধান উপদেষ্টা মেলা উদ্বোধন করতে পারেন।” দাওয়াতপত্রসহ প্রচারণা ও মঞ্চ প্রস্তুত এবং আনুষঙ্গিক কাজ প্রায় শেষ জানিয়ে তিনি বললেন, “মন্ত্রণালয় থেকে উদ্বোধকের নাম পেলেই দাওয়াতপত্র ছাপাতে দিয়ে দেব।”

মেলা প্রাঙ্গণে ভাষা শহীদদের  ভাষ্কর্য স্থাপনে খরচ হচ্ছে  ১৩ লাখ ৪৩ হাজার টাকা।  ভারপ্রাপ্ত মহাপরিচালক মঈনুল হাসান জানান এর মধ্যে গ্রামীণফোন দিয়েছে ১০ লাখ এবং বাকি অর্থ এসেছে একাডেমীর নিজস্ব তহবিল থেকে। মেলা শুরুর আগেই ভাষা শহীদদের নিকটাত্মীয় কাউকে দিয়ে এ ভাস্কর্য উদ্বোধন করা হবে। এই ভাস্কর্য তৈরি করেছেন একাডেমীর রিটাচার মফিদুল আলম খান।

এবারের মেলা উপলক্ষে বাংলা একাডেমী থেকে ৩০/৩৫টা নতুন বই প্রকাশিত হবে জানিয়ে মঈনুল হাসান বলেন,“এ বছর ৩০ শতাংশ কমিশনে বই বিক্রি করা হবে।”

তবে সব কিছুর পরেও দুশ্চিন্তাগ্রস্ত প্রকাশকরা। কাগজের অস্বভাবিক দাম বাড়ার কারণে নতুন বই প্রকাশ করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনন্যা প্রকাশনীর হাফিজুর রহমান জানান, দিনরাত পরিশ্রম করে তারা প্রস্তুত হচ্ছেন। কিন্তু কাগজের অস্বাভাবিক দামের প্রভাবে বই এর দাম বাড়বে। এতে করে শুধু প্রকাশনা শিল্প নয়; নবীন লেখক ও পাঠকরা ক্ষতিগ্রস্ত হবেন।”

আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বলেন, “কাগজের দাম এতটাই বেড়েছে যে আমরা কুলিয়ে উঠতে পারছি না। গত বছর যে কাগজ রিমপ্রতি ১ হাজার ২০০ টাকায় কিনেছি তা  এখন ১ হাজার ৮০০ টাকা।”

কাগজ উৎপাদনকারীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন অভিযোগ করে বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি তাজুল ইসলাম বলেন,“প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে কাগজের ওপর থেকে ট্যাক্স ও ভ্যাট উঠিয়ে দেওয়া উচিত।”

দুপুর ২টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলা পরিচালনার সুবিধার্থে দোয়েল চত্বর থেকে টিএসসি মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। সবার  নিরাপত্তা নিশ্চিত করতে মেলায় ক্লোজ সার্কিট ক্যামেরাসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‌্যাব ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।