২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ যেমন আছেন থাকবেন: আদালত

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 02:19 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সিদ্ধান্ত নিয়েছেন, এ মামলায় এরশাদের দুই বছরের সাজা খাটা শেষ হয়ে গেছে।

বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এরশাদ। সেসময় জাতীয় পার্টির বেশ কিছু নেতা-কর্মীও ঘিরে থাকেন পুরো আদালত চত্বর।

রায় ঘোষণার পর এরশাদ বলেন, “আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই রাজনৈতিক হয়রানিমূলক। এ মামলায় আজ ন্যায্যবিচার পেলাম।” (সমন্বিত)

প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিরুল ইসলাম বুধবার দুপুর দেড়টায় এ আদেশ দেন। রায়ে ফৌজদারি কার্যবিধির নতুন সংযোজিত ৩৫ (ক) ধারা উল্লেখ করা হয়। ওই ধারায় বলা আছে, বিচারাধীন মামলার আসামি হিসেবে অভিযুক্তের কারাগারে আটক থাকার পুরো সময়কাল থেকে এ মামলায় দেওয়া সাজা ভোগের সময় বাদ যাবে।

বিচারক সিদ্ধান্তে পৌঁছান যে, এ মামলার সাজার মেয়াদ শেষ হওয়ার পরও এরশাদ এক বছর ছয় মাস তিন দিন অতিরিক্ত সাজা খেটেছেন।

রায়ে বলা হয় “এরশাদের বিরুদ্ধে দেওয়া সাজার পুরোটাই তিনি খেটে ফেলেছেন। একারণে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তিনি যেমন আছেন থাকবেন।” 

এরশাদের হয়ে বুধবার মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ বলেন, এরশাদ একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। উজ্জ্বল তার রাজনৈতিক জীবন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি গোষ্ঠী নির্বাচনের আগে আকস্মিকভাবে মামলাটিকে শুনানির তালিকায় নিয়ে আসে। এছাড়াও ছিয়াত্তর বছর বয়সী অসুস্থ এ রাজনীতিবিদের এ মামলায় সাজা খাটার মেয়াদ শেষ হয়ে গেছে।

এ বক্তব্যের বিরোধিতা করে ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর মো. মহসীন মিয়া বলেন, আপিল বিভাগের আদেশ অবশ্যই বিচার আদালতকে মানতে হবে। এরশাদকে এখন কারাগারে যেতে হবে। আপিল বিভাগ এরশাদের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।

এরশাদের একজন আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেছেন, এ রায়ের ফলে জাপানি নৌযান কেনা সংক্রান্ত দুর্নীতি মামলায় এরশাদকে আর সাজা ভোগ করতে হবে না। আর ১৯৯৮ ও ১৯৯৯ সালে ওই সাজা খাটা শেষ হওয়ার পাঁচ বছর পার হয়েছে বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেও তার কোনো বাধা নেই।

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

এ মামলায় গত ১৪ ডিসেম্বর বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীর হাইকোর্ট বেঞ্চ এরশাদের আবেদন খারিজ করে দিয়ে তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখে।

২৬ ডিসেম্বর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ জয়নুল আবেদীন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন খারিজ করে তাকে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। 

এর আগে গত ১৯ ডিসেম্বর এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়নুল আবেদীনই এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দিয়েছিলেন ।

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় এরশাদের সাজা উচ্চ আদালতে বহাল থাকার পরিপ্রেক্ষিতে তাঁর পাঁচটি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে এরশাদের আপিল নির্বাচন কমিশন খারিজ করে দেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ২০ টি নৌযান ও ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় কেনার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতি করেন।