নতুন তিন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন
তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়া তিন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে।
এর মধ্যে মেজর জেনারেল (অবঃ) মতিউর রহমানকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব, সাবেক সচিব আইয়ুব কাদরীকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আনোয়ারুল ইকবালকে দেওয়া হয়েছে হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়াও আইন উপদেষ্টা মইনুল হোসেনকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর নতুন উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।
এর আগে রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেসময় ব্যারিস্টার মইনুল হোসেনকে দেওয়া হয়েছে আইন, বিচার ও সংসদ, গৃহায়ন ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম পেয়েছেন অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।
এম এ মতিন পেয়েছেন যোগাযোগ, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
তপন চৌধুরীকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
নাম চূড়ান্ত হওয়া অন্য দুই উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এরা দুজন দুএকদিন পরে শপথ নেবেন বলে জানা গেছে।
