২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি ও বন্দর সিবিএ নেতার জামিন নামঞ্জুর

সেনা সদস্যদের হাতে আটক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএ এর সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়ে দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 08:09 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট মহানগর হাকিম আদালতে শুনানি শেষে আদালত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী এবং বন্দর সিবিএর সাধারণ সম্পাদক শেখ নুরুল্লা বাহারের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে সেনা সদস্যরা মঙ্গলবার বিকেলে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাদের আদালতে পাঠিয়ে দেয়।

মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা দস্তগীর চৌধুরীকে তার কদমতলীর বাসা থেকে আটক করে সেনা সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ আধা ঘন্টার মধ্যে আটক এ বিএনপি নেতাকে মহানগর হাকিম মোকছেদুর রহমানের আদালতে সোপর্দ করে। পরে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে বন্দর সিবিএ নেতা শেখ নুরুল্লা বাহারকে সেনা সদস্যরা সোমবার মধ্যরাতে তার বন্দর এলাকার বাসা থেকে আটক করে। তিনি একাধারে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাও।

জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে সেনা সদস্যরা তাকে বন্দর থানায় সোপর্দ করে। পুলিশ বিকেলে এ শ্রমিক নেতাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হাইয়ের আদালতে হাজির করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নেছার আহমেদ নফহবংি২৪.পড়স-- কে জানান, তাদেরকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

দস্তগীর চৌধুরী ও নুরুল্লা বাহারের বিরুদ্ধে একমাসের আটকাদেশ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এদিকে সেনা সদস্যদের হাতে আটক সিটি কর্পোরেশনের তিন ওয়ার্ড কমিশনার জহরলাল হাজারী, মোহাম্মদ হোসেন হিরণ ও মোহাম্মদ আসলামকেও সংশ্লিষ্ট মহানগর আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।