২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট ও চুয়াডাঙ্গা সীমান্তে উত্তেজনা, নিহত ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিডিআরের মধ্যে গোলাগুলিতে দুই ভারতীয় নাগরিক নিহত এবং গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যরা সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘন্টা বাংলাদেশের অভ্যন্তরে দফায় দফায় গুলিবর্ষণ করেছে। এই দুই ঘটনায় সংশ্লিষ্ট সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

জয়পুরহাট থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানিয়েছেন, পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মঙ্গলবার সকালে বিএসএফ ও বিডিআরের মধ্যে গোলাগুলিতে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন। ভারতীয় নাগরিক হতাহতের বিষয়টি বিডিআর নিশ্চিত করেছে। 

বিডিআর সূত্র দাবি করেছে, সকাল পৌনে ৭টার দিকে সীমান্তের ২৮০ পিলার সংলগ্ন এলাকায় বিনা উস্কানিতে বিএসএফ সদস্যরা বিডিআর সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। বিডিআর সদস্যরাও এর জবাবে পাল্টা গুলি ছোঁড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে দুই ভারতীয় নাগরিক ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ তাদের লাশ ভারতে নিয়ে যায়।

বিডিআরের হাতে রনজিৎ মোহান্ত অপর এক ভারতীয় নাগরিক আটক হন। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার ফিরোশা গ্রামের বাসিন্দা। রণজিৎ বিডিআরকে জানান, নিহত একজনের নাম সুভাস নুনিয়া। তার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের জামালপুর গ্রামে। তবে নিহত আরেকজনের নাম জানা যায়নি।

বিডিআরের জয়পুরহাট--২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় বিডিআর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, সংঘর্ষে বিএসএফ অন্তত ৫’শ ও বিডিআর শতাধিক রাউণ্ড গুলি ছোঁড়ে।

এদিকে চুয়াডাঙ্গা থেকে  নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, দামুরহুদা উপজেলার বারাদী সীমান্তে বিএসএফ সদস্যরা সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘন্টা দফায় দফায় বাংলাদেশের অভ্যন্তরে গুলিবর্ষণ করেছে। প্রতিবারই বিডিআর জোয়ানরা পাল্টা গুলি ছঁড়ে জবাব দেয়। এসময় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে।

চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোতাহার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “বিএসএফ সদস্যরা সোমবার সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর পাঁচটা পর্যন্ত চারদফায় অন্তত ২০ রাউন্ড গুলি ছুঁড়েছে। জবাবে বিডিআরের পক্ষ থেকে ছোঁড়া হয়েছে ৪০ রাউন্ড গুলি।”

তবে এর কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি মোতাহার হাসান। 

বিডিআর কর্মকর্তারা জানান, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সীমান্তের ৭৯ ও ৮০ নম্বর মেইন পিলারের মাঝামাঝি স্থানে বিএসএফ ব্যাটলিয়ন সদস্যরা চার রাউন্ড গুলি ছুঁড়লে বিডিআর বারাদী ক্যাম্পের সদস্যরা পাল্টা ১০ রাউন্ড গুলি চালায়। এর ১০ মিনিট পর আবারও দুই রাউন্ড গুলি ছুঁড়ে বিএসএফ। জবাবে বিডিআর পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় বিএসএফ এবং বিডিআর জোয়ানদের মধ্যে দফায় দফায় গুলিবর্ষণ ঘটে। বিএসএফ ২০ রাউন্ড এবং বিডিআর জোয়ানারা ৪০ রাউন্ড গুলি ছুঁড়ে।

একাধিক সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতীয় অংশে ভারী অস্ত্র--শস্ত্রসহ অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে বিডিআর জোয়ানদেরকেও সতর্কাবস্থায় রাখা হয়েছে।

উত্তেজনা বিরাজ করায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে এলাকাবাসী নিরাপদ দুরত্বে সরে যেতে শুরু করেছে। এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।