জয়পুরহাটে বিএসএফ--বিডিআর গোলাগুলিতে এক ভারতীয় নাগরিক নিহত
পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিডিআরের মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। ভারতীয় নাগরিক হতাহতের বিষয়টি বিডিআর নিশ্চিত করেছে।
বিডিআর সূত্র দাবি করেছে, সকাল পৌনে ৭টার দিকে সীমান্তের ২’শ ৮০ পিলার সংলগ্ন এলাকায় বিনা উস্কানিতে বিএসএফ সদস্যরা বিডিআর সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। বিডিআর সদস্যরাও এর জবাবে পাল্টা গুলি ছোঁড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে ওই ভারতীয় নাগরিক ঘটনাস্থলেই নিহত হন। বিএসএফ পরে তার লাশ ভারতে নিয়ে যায়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
বিডিআরের জয়পুরহাট--২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় বিডিআর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। তিনি আরও জানান, সংঘর্ষে বিএসএফ অন্তত ৫’শ ও বিডিআর শতাধিক রাউণ্ড গুলি ছোঁড়ে।
